World Cup Football Field

বিজ্ঞাপন

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী আর্জেন্টিনা নাকি মিশরের পক্ষে?

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী আর্জেন্টিনা নাকি মিশরের পক্ষে?

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই গল্পের ভেতর গল্প। আটলান্টায় আজকের রাতের ম্যাচটিও যেন তেমন দুই গল্পের মুখোমুখি দাঁড় করিয়েছে ফুটবল বিশ্বকে। এক পাশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্য পাশে আফ্রিকার প্রতিনিধি মিশর।

বিশ্বকাপে এই প্রথম দেখা হচ্ছে আর্জেন্টিনা ও মিশরের। এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল তারা। ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ২–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। তবে সেবার মাঠে ছিলেন না মেসি। প্রায় দুই দশক পর এবার বিশ্বকাপের মঞ্চে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছে দুই দল।

শেষ বত্রিশের ম্যাচে অবশ্য আর্জেন্টিনাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। কেপ ভার্দের বিপক্ষে দুইবার এগিয়েও বারবার চাপে পড়েছিল স্কালোনির দল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গিয়ে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে মেসিও নিজের নাম তুলেছেন গোলদাতাদের তালিকায়।

অন্যদিকে মিশরের গল্প আরও নাটকীয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জয়। সেই জয়ের পরই নতুন করে জেগে উঠেছে দেশটির স্বপ্ন। সালাহ, ওমর মারমুশদের নিয়ে গড়া দলটি এখন বিশ্বাস করতে শুরু করেছে, তারা আরও দূর যেতে পারে।

তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। অপটা সুপারকম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনের ফলাফলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। মিশরের সম্ভাবনা মাত্র ১১.৫ শতাংশ। বাকি ১৮.৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে।

পরিসংখ্যানের আরেকটি দিকও আর্জেন্টিনার পক্ষে। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে টানা আট ম্যাচ জিতেছে তারা। চলতি আসরেই আলজেরিয়া ও কেপ ভার্দেকে হারিয়েছে স্কালোনির দল। আজ মিশরকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে তিনটি আফ্রিকান দলকে হারানোর বিরল রেকর্ডও গড়বে আর্জেন্টিনা।

এইচজেএস