বিজ্ঞাপন

বাংলাদেশে খেলতে আসবে তো ভারত?

বাংলাদেশে খেলতে আসবে তো ভারত?

বাংলাদেশের বিপক্ষে ভারতের স্থগিত হওয়া সিরিজটি এ বছর অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। তবে সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও চালিয়ে যাচ্ছে তারা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, ভারত সফর সামনে রেখে বোর্ডের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত যেসব খসড়া সূচি প্রকাশিত হয়েছে, সেগুলোকে আনুষ্ঠানিক হিসেবে না দেখার আহ্বান জানান তিনি।

ইব্রাহিম বলেন, ‘আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করছি। কারণ আপনি জানেন সফরটি খুব শিগগিরই হওয়ার কথা। আমরা আমাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকেই যোগাযোগ করছি। তবে যে খসড়া সূচি এসেছে, সেটিকে আনুষ্ঠানিক হিসেবে নেবেন না। এটি কেবল প্রক্রিয়ার অংশ।’

মূলত ২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। এখন সেটি চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি অনুমোদনের বিষয়টি পরিষ্কার করেনি বিসিসিআই।

এরই মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজের সম্প্রচারস্বত্বের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ভারতীয় দলের। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।

গত বছর নিরাপত্তাজনিত কারণে সিরিজটি স্থগিত হওয়ায় এবার সেই বিষয়েও বাড়তি সতর্ক বিসিবি। এ প্রসঙ্গে সাঈদ ইব্রাহিম বলেন, ‘এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি প্রয়োজন হয়, আমরা ভারতের জন্য নিরাপত্তা আরও বাড়িয়ে দেব।’

এসএইচ/আইএইচ