World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্লেষণে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম

কোয়ার্টার ফাইনালে এগিয়ে কারা, দেখে নিন একনজরে

কোয়ার্টার ফাইনালে এগিয়ে কারা, দেখে নিন একনজরে

৪৮ দলের বিশ্বকাপে এখন টিকে আছে কেবল আটটি দল। শিরোপার লড়াইয়ে এসব দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। আট দলের মহারণে ইউরোপের আধিপত্যই স্পষ্ট। শেষ আটে জায়গা পাওয়া ছয়টি দলই ইউরোপের। বাকি দুই দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।

কোয়ার্টার ফাইনালে কোন দল কতটা এগিয়ে এবং কারা রয়েছে পিছিয়ে—তা নিয়ে বিশ্লেষণ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র জনপ্রিয় টুল ‘ক্রিস্টাল বল’। তাদের হিসাব অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে বেশ কয়েকটি ম্যাচেই ফেভারিট দল স্পষ্ট। তবে জয় পেতে লড়াই হবে কঠিন।

টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিট হিসেবে বিবেচিত ফ্রান্স ও আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ১৪টি করে গোল করেছে দুই দল। লিওনেল মেসি আট গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে। অন্যদিকে, এমবাপে ও হালান্ড সাত গোল করে তার পেছনে রয়েছেন।

‘ক্রিস্টাল বল’-এর হিসাবে, কোয়ার্টার ফাইনালেও এগিয়ে আছে ফ্রান্স ও আর্জেন্টিনা। এমনকি কোয়ার্টার, সেমি টপকে ফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০.৫ শতাংশ। তবে আট দলের মহারণে কারা এগিয়ে, কারা পিছিয়ে—একনজরে দেখে নেওয়া যাক।

ফ্রান্স বনাম মরক্কো

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। আগের রাউন্ডে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে জয় পেয়েছে ফ্রান্স। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ভালো খেলে ড্র করার পর নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ আটে এসেছে মরক্কো।

তবে পরিসংখ্যানের হিসাবে এগিয়ে থাকছে ফরাসিরাই। ম্যাচ জয়ের সম্ভাবনা ফ্রান্সের ৪৭.৫ শতাংশ, মরক্কোর ৩১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২১.৩ শতাংশ।

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইসরা। ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা আর্জেন্টিনাই এই ম্যাচে ফেভারিট। ‘ক্রিস্টাল বল’ অনুযায়ী, লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ৪৮.৭ শতাংশ। সুইজারল্যান্ডের সম্ভাবনা ২৬.১ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ২৫.১ শতাংশ।

ইংল্যান্ড বনাম নরওয়ে

কোয়ার্টার ফাইনালের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচটি। ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছে নরওয়ে। অন্যদিকে অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোকে বিদায় করেছে ইংল্যান্ড। দুই দলের শক্তিমত্তা প্রায় এক হলেও লড়াইয়ে সামান্য এগিয়ে থাকবে ইংলিশরা।

জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের হার ৪২.৩ শতাংশ, নরওয়ের ৩৭.৫ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ।

স্পেন বনাম বেলজিয়াম

শেষ আটের আরেক ইউরোপীয় লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন শেষ ষোলোতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

এই ম্যাচেও এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ৪০.৯ শতাংশ, বেলজিয়ামের ৩১.৬ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২৭.৪ শতাংশ।

আইএইচ