৪৮ দলের বিশ্বকাপে টিকে আছে কেবল ৮টি দল। শেষ চারে ওঠার লড়াইয়ে এসব দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। আট দলের লাইন-আপে ইউরোপের আধিপত্যই স্পষ্ট। শেষ আটে জায়গা পাওয়া ছয়টি দলই ইউরোপের। বাকি দুই দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।
ফুটবল ডেটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টা সুপারকম্পিউটার’ তাদের গাণিতিক হিসেবে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে ফেভারিট দলগুলোর তালিকা প্রকাশ করেছে।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট কাটার দৌড়ে এগিয়ে আছে।
প্রসঙ্গত, সুপারকম্পিউটার এর আগে শেষ ষোলোর ৮টি ম্যাচের মধ্যে ৬টির ফলাফলই সঠিকভাবে অনুমান করতে পেরেছিল। এ ছাড়া দ্বিতীয় রাউন্ডের বা নকআউটের প্রথম পর্বের ১৬টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচেরই সঠিক বিজয়ীর পূর্বাভাস দিয়েছিল।

অপ্টা সুপারকম্পিউটার কোনো নির্দিষ্ট ম্যাচের বা টুর্নামেন্টের ফলাফল অনুমান করার জন্য প্রায় ১০,০০০ বার সিমুলেশন বা কৃত্রিম ম্যাচ পরিচালনা করে। দলগুলোর বর্তমান ফর্ম, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং অতীত রেকর্ড বিশ্লেষণ করে এই সিমুলেশনের মাধ্যমে প্রতিটি দলের জেতার শতকরা (পারসেন্টেজ) সম্ভাবনা বের করা হয়।
কোয়ার্টারে সুপারকম্পিউটারের পূর্বাভাস
ফ্রান্স ৭২.১০% বনাম মরক্কো ২৭.৯০%
স্পেন ৭০.৭২% বনাম বেলজিয়াম ২৯.২৮%
নরওয়ে ৩৮.০৪% বনাম ইংল্যান্ড ৬১.৯৬%
আর্জেন্টিনা ৬৩.৬২% বনাম সুইজারল্যান্ড ৩৬.৩৮%
অপ্টা ছাড়াও কোয়ার্টার ফাইনালে কোন দল কতটা এগিয়ে এবং কারা রয়েছে পিছিয়ে—তা নিয়ে বিশ্লেষণ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র জনপ্রিয় টুল ‘ক্রিস্টাল বল’। তাদের হিসাব অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে বেশ কয়েকটি ম্যাচেই ফেভারিট দল স্পষ্ট। তবে জয় পেতে লড়াই হবে কঠিন।
টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিট হিসেবে বিবেচিত ফ্রান্স ও আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ১৪টি করে গোল করেছে দুই দল। লিওনেল মেসি আট গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে। অন্যদিকে, এমবাপে ও হালান্ড সাত গোল করে তার পেছনে রয়েছেন।
‘ক্রিস্টাল বল’-এর হিসাবে, কোয়ার্টার ফাইনালেও এগিয়ে আছে ফ্রান্স ও আর্জেন্টিনা। এমনকি কোয়ার্টার, সেমি টপকে ফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০.৫ শতাংশ।
এফআই

