বিজ্ঞাপন

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

বোলারদের ওপর বাড়তি আস্থার কারণেই টসে জিতে ফিল্ডিং নিয়েছেন মিরাজ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ইনিংসের প্রথম তিন ওভারেই দুই উইকেট শিকার করেছেন তাসকিন। এরপর নাহিদ, মিরাজের বোলিং ফাঁদে পা দিয়ে আরও দুই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।

হারারেতে সিরিজ হার এড়ানোর মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ার্কলোডের ধাক্কা এড়াতে বিশ্রাম পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম। যদিও এখন পর্যন্ত কোনো সাফল্যের দেখা পাননি তিনি।

হারারেতে বাংলাদেশকে সামলাতে কঠিন পিচ বানিয়েছে জিম্বাবুয়ে। তাসকিনের নিচু হওয়া বলে ইনিংসের পঞ্চম বলেই বোল্ড হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এরপর তৃতীয় ওভারের শেষ বলে ফর্মে থাকা কাইয়াকে বাউন্সারে ফেরান তাসকিন।

নাহিদ রানার গতির সামনে বেশ সংগ্রাম করেছিলেন ক্রেগ এরভিন। একের পর এক ডট খেলে নিস্তার পাননি এই ব্যাটার। রানার গতির সঙ্গে নজরকাড়া এক ইয়ার্কারে এরভিনের। তাতে ৩২ রানে মাথায় ৩ উইকেট হারিয়ে প্রথম ওয়ানডেকে যেন স্মরণ করাচ্ছিল জিম্বাবুয়ে।

তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন বেন কারান ও ওয়েসলে মাধভেরে। দুই ব্যাটার মিলে করেছিলেন ৩৪ রানের জুটি। তবে পেসারদের মাঝে হঠাৎ করে বোলিংয়ে এসে মাধভেরেকে ফাঁদে ফেলেন মিরাজ। অফস্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলটি লং অন দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন মাধভেরে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জিততে হবে।

আইএইচ