বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের ভেতরে টানটান উত্তেজনা, আর মাঠের বাইরে গ্যালারিতে দর্শকদের নানা রঙের পাগলামি। তবে ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দেখা গেল এক অদ্ভুত ও হাসির দৃশ্য।
ফুটবলীয় কোনো কৌশল বা পছন্দের তারকার নাম নয়, এক সমর্থকের প্ল্যাকার্ডে লেখা ব্যক্তিগত জীবনের এক আকুতি।
ফ্রান্সের জার্সি পরা ওই সমর্থকের হাতের প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা, ‘ফ্রান্স, দয়া করে জেতো। কারণ আমার প্রাক্তন মরক্কোকে সমর্থন করছে।’
বোঝাই যাচ্ছে, মাঠের ফুটবলীয় লড়াই একপাশে রেখে এই সমর্থকের কাছে এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ট্রোল করার সুযোগ পাওয়া। মরক্কো হারলে প্রাক্তন কষ্ট পাবেন, আর সেই আনন্দেই এখন আত্মহারা হতে চান এই ফরাসি সমর্থক।
ফ্রান্স দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবারও তারা শিরোপার দাবিদার। তাই ফ্রান্সের সমর্থকরা জয়ের প্রত্যাশা নিয়েই এসেছেন। ফ্রান্সের সমর্থকরা মরক্কোর সমর্থকদের মতো খুব বেশি উৎসবমুখর নয়। এ নিয়ে এক সমর্থক বলেন, ‘আমরা খেলার পরই উল্লাস করতে চাই।’
বোস্টনে আজ বেশ গরম। বোস্টন স্টেডিয়ামে গ্যালারিতে নেই ছাউনি। ফলে দর্শকরা রোদে পুড়েই খেলা দেখতে বসেছেন। আবার বৃষ্টি হলে ভিজে দেখতে হতো। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে ফুটবল সমর্থকরা মুখিয়ে থাকেন নানা প্রতিবন্ধকতার মধ্যেও।
এমএমএম/

