World Cup Football Field

বিজ্ঞাপন

টিকিটের পর এবার মাঠের টুকরো বিক্রি! ফিফার নতুন ‘ব্যবসা’

টিকিটের পর এবার মাঠের টুকরো বিক্রি! ফিফার নতুন ‘ব্যবসা’

যুক্তরাষ্ট্রে এই বছর অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট থেকে শুরু করে হোটেল ও পরিবহন খাত পর্যন্ত প্রায় সবকিছুর জন্য ফিফার বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ তোলা হয়েছে। ইনকাম বাড়াতে আরেকটি অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্ব ফুটবল সংস্থা। আগামী ১৯ জুলাই ফাইনালের ভেন্যু নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের মাঠের টুকরো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইনাল ম্যাচের মাঠে যে ঘাস ব্যবহার করা হবে, তার প্রতিটি টুকরো ৪৫০ ডলার মূল্যে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৫ হাজার টাকার বেশি। ফিফার অফিসিয়াল স্টোর অনুযায়ী, ফাইনাল ম্যাচের মাঠের আসল ঘাসের টুকরোকে একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক কাঠামোর ভেতর ইউএসবি কীপসেকসহ স্থায়ীভাবে সংরক্ষণ করে বিক্রি করা হবে।

ঘাসের প্রতিটি টুকরোর আকার ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫ বলা হলেও এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার, তা নির্দিষ্ট করা হয়নি। এর পরিমাপের বিস্তারিত জানতে চেয়ে পাঠানো ইমেইলের জবাব দেয়নি ফিফা। এই স্মারকটি কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় পাঠানো হবে, তাও ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর।

এবারের বিশ্বকাপে টিকিটের চড়া দাম নিয়ে ফিফা এমনিতেই সমালোচিত। ফাইনালের সাধারণ টিকিটের দাম সর্বোচ্চ ৩২,৯৭০ ডলার এবং খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্ত ধরা হয়েছে।

মেটলাইফ স্টেডিয়ামে সাধারণত এনএফএল ম্যাচের জন্য কৃত্রিম ঘাস ব্যবহার করা হয়। বিশ্বকাপের জন্য প্রস্তুত করা এই মাঠের মান নিয়ে ইতিপূর্বেও খেলোয়াড় এবং কোচেরা সমালোচনা করেছেন।

খেলার মাঠের ঘাস বা অংশবিশেষ বিক্রি করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের পরও মেটলাইফ স্টেডিয়ামের পিচের অংশ নিলামে তুলেছিল ফিফা।

এফএইচএম