আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ শেষ হলেও সেটিকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। বিশেষ করে ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসব বিতর্কের মধ্যে রেফারিদের পক্ষেই অবস্থান নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
শেষ ষোলোর সেই ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচ শেষে রেফারির দুটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে মিশর।
প্রথম ঘটনাটি ছিল মোস্তাফা মোহামেদ জিকোর গোল বাতিল হওয়া। ভিএআরের হস্তক্ষেপে আক্রমণ শুরুর আগে একটি ফাউল শনাক্ত হওয়ায় গোলটি বাতিল করা হয়। দ্বিতীয় বিতর্ক তৈরি হয় আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে, যখন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হয়েছেন বলে দাবি করা হলেও রেফারি সেটি ভিএআরে পর্যালোচনা করেননি।
এই দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলেছে তীব্র সমালোচনা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিসান্দ্রো মার্তিনেজও রেফারিদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন, 'একেবারেই কিছু বলার নেই। আমার মনে হয় রেফারিরা চমৎকার কাজ করছেন। এসব বিতর্ক মূলত আপনাদের (গণমাধ্যমের) জন্য, যারা কখনো কখনো এগুলো তৈরি করে। আমরা শুধু মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।'
এদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন মার্তিনেজ। বিশেষ করে সুইসদের শারীরিক শক্তি ও সেট-পিস দক্ষতাকে বড় হুমকি হিসেবে দেখছেন তিনি।
মার্তিনেজ বলেন, 'যোগ্যতার কারণেই সুইজারল্যান্ড এখানে এসেছে। কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ আমরা দেখেছি। তারা সবসময় লড়াই করে যায়। শারীরিকভাবে এবং সেট-পিস পরিস্থিতিতে তারা খুবই শক্তিশালী। দুই দলই ভালো ফুটবল খেলতে চায়, তাই এটি দর্শকদের জন্য দারুণ একটি ম্যাচ হবে।'
এইচজেএস

