World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ

আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে বড় পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচেও টিকিটের দামে এসেছে পতন। শেষ ষোলোর আগে এই ম্যাচের রিসেল টিকিট যে দামে বিক্রি হচ্ছিল, কোয়ার্টার ফাইনালের আগে তা কমেছে ৫২ শতাংশ।

টিকিট পুনর্বিক্রয়ের ওয়েবসাইট টিকপিকের তথ্য অনুযায়ী, কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ১১৪২ ডলার। শেষ ষোলোর আগে একই টিকিটের দাম ছিল ২৩৮১ ডলার। অর্থাৎ, দামের ব্যবধান দাঁড়িয়েছে ১২৩৯ ডলার, যা প্রায় ৫২ শতাংশ কম।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোর টিকিটের দামও কমেছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংলউডে স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম নেমেছে ১৩৮১ ডলারে। যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হারের আগে এই ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৩২৬১ ডলার। অর্থাৎ দাম কমেছে প্রায় ৫৮ শতাংশ।

এদিকে শনিবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম দাঁড়িয়েছে ২০৪৯ ডলারে। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠার আগে এই দাম ছিল ৩৮৬৬ ডলার, যা আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কমেছে।

টিকিটের দামে এতটা পতন হওয়ার কারণটাও স্পষ্ট। সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই টিকিটের রিসেল বাজারে এই পতন দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ, ফাইনালের টিকিটের চাহিদা এখনো তুঙ্গে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের জন্য প্রায় ১২০০ আসন বিক্রির জন্য উন্মুক্ত করেছে ফিফা। ক্যাটাগরি-২ এর এসব টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩৮০ ডলার। এছাড়া ফাইনালের ক্যাটাগরি-১ এর কিছু টিকিটের দাম ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত রাখা হয়েছে।

আইএইচ