বিশ্বকাপের শেষ ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর জার্মানির প্রধান কোচের পদ ছাড়েন জুলিয়ান নাগালসম্যান। তখনই আলোচনায় আসে লিভারপুলের কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপের নাম। অবশেষে ২ বছর পর আবারও তিনি কোচিংয়ে ফিরতে যাচ্ছেন। ক্লপের জার্মানির দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রায় পাকাপোক্ত।
প্রসিদ্ধ বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি– জার্মান ফুটবল দলের নতুন প্রধান কোচ হওয়ার বিষয়ে সম্ভাব্য চুক্তির ‘মূল বিষয়গুলো’ নিয়ে ক্লপের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ফলে ৫৯ বছর বয়সী ক্লপ এখন নাগালসম্যানের স্থলাভিষিক্ত হওয়ার খুব কাছাকাছি। ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুল ছাড়ার পর এটাই হবে তার প্রথম কোচিং দায়িত্ব।
এক বিবৃতিতে ডিএফবি বলছে, ‘ডিএফবির সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ এবং সহ-সভাপতি হ্যান্স-জোয়াকিম ওয়াটজকে গতকাল নিউইয়র্কে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণের সম্ভাবনা নিয়ে প্রথম বিস্তারিত বৈঠক করেছেন। গঠনমূলক ওই আলোচনায় সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ মূল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ।’
চুক্তি চূড়ান্ত করার বিষয়টি পরবর্তী সপ্তাহে নিশ্চিত হওয়া যাবে বলেও তারা আশাবাদী, ‘আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে। ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেড বুলের সঙ্গে সমঝোতা সাপেক্ষে আলোচনাটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হবে বলে উভয় পক্ষই আশাবাদী। সম্ভাব্য চুক্তিটি ডিএফবি ও শেয়ারহোল্ডারদের যৌথ সভায় চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে।’
লিভারপুল ছাড়ার পর থেকে ক্লপ রেড বুলের গ্লোবাল সকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। লিভারপুলের হয়ে তিনি প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপ জিতেছিলেন। সাবেক বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ক্লপ বর্তমানে বিশ্বকাপে জার্মান টেলিভিশনের ফুটবল বিশ্লেষক হিসেবেও কাজ করছেন।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছিল জার্মানি। এরপর নকআউটে তারা প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযানে ইতি টানে। শুরুতে নাগালসম্যান দায়িত্বে থাকতে আগ্রহ প্রকাশ করলেও, গত ৩ জুলাই ডিএফবি আনুষ্ঠানিকভাবে তার বিদায় নিশ্চিত করে।
এএইচএস
