World Cup Football Field

বিজ্ঞাপন

মেসিকে না খেলানো কোচের কাছে এখন মেসিই ভরসা

মেসিকে না খেলানো কোচের কাছে এখন মেসিই ভরসা

কানসাস মিডিয়া সেন্টারে অনেক ভিড়। এর মধ্যে একপাশে একজনকে ঘিরে কয়েকজন সাংবাদিকের জটলা। কাছে গিয়ে দেখা গেল তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও কোচ হোসে পেকারম্যান। তার অধীনে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছিল আর্জেন্টিনা। 

দুই দশক আগে জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনা দল ভালোই ছিল। সেই দল সাফল্য না পাওয়ার পেছনে কোচ পেকারম্যানকে দায়ী করা হয়। স্বাগতিক জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসিকে খেলানোর প্রয়োজন মনে করেননি পেকারম্যান। সেই সময় মেসির বয়স ছিল মাত্র ১৯। তিনি নিজেকে বিশ্ব ফুটবলে তুলে ধরছিলেন ধীরে ধীরে।

dhakapost

মেসিকে না খেলানোয় ওই সময় অনেক সমালোচনা হয়েছিল পেকারম্যানের। আর্জেন্টিনার সাবেক ফুটবলার-কোচ, অন্য দলকেও কোচিং করিয়েছেন। জার্মানি বিশ্বকাপে কেন মেসিকে খেলাননি এই প্রশ্ন দুই দশক ধরে শুনতে হচ্ছে। মেসিকে না খেলানো সেই কোচ এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য মেসির উপরই ভরসা রাখতে চান, ‘আর্জেন্টিনা এবার ভালো দল। প্রতি ম্যাচেই ভালো খেলছে। বড় দলের বৈশিষ্ট্য চাপের মাঝেও ম্যাচ বের করতে পারে। এবারও মেসি আর্জেন্টিনাকে দারুণ কিছু দেবে আশা করাই যায়।’

বয়সের ভারে খানিকটা ন্যুব্জ পেকারম্যান। প্রায় আশি ছুঁই ছুঁই বয়সেও ফুটবলের সঙ্গেই রয়েছেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার মিডিয়ার হয়ে কাজ করছেন। সেই সূত্রেই আমেরিকায় এসেছেন তিনি। মেসির পাশাপাশি তরুণ কোচ লিওনেল স্ক্যালোনির প্রশংসাও করেছেন পেকারম্যান, ‘স্ক্যালোনি দলকে দারুণভাবে পরিচালনা করছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা বেশ ভালো ছন্দে রয়েছে। এর কৃতিত্ব কোচকে দিতেই হবে।’

বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক। এই প্রতিবেদকের ইংরেজিতে করা প্রশ্ন স্প্যানিশেই উত্তর দিয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ। স্প্যানিশ জানা সাংবাদিকদের মাধ্যমে সেই বক্তব্যের সারাংশ জানা গেল, অনেক দিন থেকেই আর্জেন্টিনা বাংলাদেশে সমর্থন পাচ্ছে। 

এজেড/এএইচএস