World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনাকে থামাতে পারলেন না ‘অপয়া’ স্পিড

আর্জেন্টিনাকে থামাতে পারলেন না ‘অপয়া’ স্পিড

আর্জেন্টিনার জয়ের পথে এবারও বাধা হতে পারলেন না জনপ্রিয় স্ট্রিমার স্পিড। বিশ্বকাপে যাকে ঘিরে তৈরি হয়েছে ‘অপয়া’ তকমা, সেই স্পিড আর্জেন্টিনার জার্সি পরে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্যালারিতে হাজির হয়েছিলেন। তবে এবার তার ‘অভিশাপ’ কাজ করেনি। বরং ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত স্পিড। ফুটবলারদের নিয়ে কাজ করায় ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত তিনি। তবে ফুটবল বিশ্বকাপে তিনি আলোচনায় আসেন অদ্ভুত কারণে। তার সমর্থন পাওয়া দলগুলোই একের পর এক হেরে যাওয়ায় ভক্তরা তাকে ‘মুফা’ বা অপয়া বলে ডাকতে শুরু করেন।

এরপর শেষ ষোলো থেকেই নিজের কৌশল পাল্টান এই জনপ্রিয় স্ট্রিমার। দুই দলের জার্সি মিলিয়ে পোশাক পরতে দেখা যায় তাকে। কানসাস সিটির ফ্যান ফেস্টেও ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে এমন সাজে হাজির হয়েছিলেন তিনি। তবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে স্পিড ছিলেন আলবিসেলেস্তেদের জার্সিতেই।

মজার ছলে আর্জেন্টিনাকে সমর্থন করলেও ম্যাচের পরিস্থিতি নিয়ে বারবার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তিনি। কারণ, ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত হওয়ায় স্পিড বরাবরই মেসির প্রতিপক্ষ দলকে সমর্থন করেছেন। এবার হয়তো নিজের অপয়া তকমাকে প্রমাণ করতেই আর্জেন্টিনার জার্সি পরেছেন এই জনপ্রিয় মুখ।

কানসাস সিটিতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর স্পিডের কথাবার্তায় তেমনটিই মনে হয়েছে। আকাশি-নীলদের প্রথম গোলের পর ক্যামেরার সামনে অবাক হয়ে স্পিড বলেন, ‘কী হচ্ছে? কাজ করছে না, চ্যাট। আমাকে কী করতে হবে?’

পরে সুইজারল্যান্ড ম্যাচে সমতা ফেরালে উল্টো পেছন ফিরে উদযাপন করেন তিনি। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আর্জেন্টিনার বিদায়ের আশাও করতে শুরু করেছিলেন স্পিড। কিন্তু হুলিয়ান আলভারেসের দুর্দান্ত গোল তার সেই আশা শেষ করে দেয়।

এরপর লাওতারো মার্টিনেজের তৃতীয় গোলের পর আর নিজেকে সামলাতে পারেননি স্পিড। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান তিনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে থামানো তো দূরের কথা, মেসিদের সেমিফাইনাল যাত্রার সাক্ষী হয়েই আলোচিত এই স্ট্রিমারকে মাঠ ছাড়তে হয়েছে।

আইএইচ