World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞা এড়াতে যেভাবে ভূমিকা রাখলেন বেলিংহ্যামের মা

আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞা এড়াতে যেভাবে ভূমিকা রাখলেন বেলিংহ্যামের মা

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন ১৮ ফুটবলার। কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড এড়াতে তারা ছিলেন সর্বোচ্চ সতর্ক। সেই তালিকায় ছিলেন জুড বেলিংহ্যামও। নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিদায় নিশ্চিতের ম্যাচে তিনি জোড়া গোল করে ম্যাচের নায়ক এবং একইসঙ্গে এড়ালেন হলুদ কার্ডও।

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেয়েছে ইংল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে নিষেধাজ্ঞায় পড়া থেকে বেলিংহ্যাম রক্ষা পেয়েছেন নরওয়ের বিপক্ষে হলুদ কার্ড এড়ানোয়। কারণ নকআউটে তিনি এর আগে একটি হলুদ কার্ড দেখেন। আর এর পেছনে বড় ভূমিকা রয়েছে বেলিংহ্যামের মায়ের!

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ এই তারকা। এর পর থেকে ধারাবাহিকভাবে বেলিংহ্যামকে সতর্ক করে আসছিলেন তার মা ডেনিস বেলিংহ্যাম। কোয়ার্টার ফাইনাল শেষে ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার বলেন, ‘পুরো সপ্তাহ ধরে আমার মা আমাকে নিজের ভাষা, প্রতিপক্ষকে ট্যাকল, আমার মুখভঙ্গি ও আবেগের দিকে সতর্ক থাকতে বলে যাচ্ছিলেন। হলুদ কার্ড এড়াতে তিনি এক সপ্তাহ আমার ভেতর বিষয়টি ভালোভাবে গেঁথে দিয়েছিলেন।’

এক্ষেত্রে অবশ্য ম্যাচ রেফারিকেও কৃতিত্ব দিয়েছেন বেলিংহ্যাম, ‘সত্যি বলতে আপনি যদি সঠিকভাবে খেলেন, তাহলে রেফারিকেও কৃতিত্ব দিতে হয়। তিনি নিজের মান ধরে রেখেছেন। সম্মানজনকভাবে তার সঙ্গে কথা বলার পথ খোলা ছিল। অনেক রেফারিই সে সুযোগ দেন না। আমার মতে, যখন আমি ভারসাম্য বজায় রাখি এবং এমন একজন রেফারি থাকেন, যিনি কথা শুনতে প্রস্তুত থাকেন, তখন বিষয়টি অনেক সহজ হয়ে যায়।’

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও ম্যাচের নায়ক বেলিংহ্যামের প্রশংসা করেছেন, ‘শেষ পর্যন্ত আমরা জয়ের পথ খুঁজে নিয়েছি। এটি আমাদের সবচেয়ে সুন্দর পারফরম্যান্স ছিল না, সেটা আমরা জানি। কিন্তু আমরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। পার্থক্যটা আবারও গড়ে দিয়েছে জুড। ঠিক সময়ে করা তার দুটি গোলই আমাদের জয় এনে দিয়েছে। তবে বলের দখল ধরে রাখার ক্ষেত্রে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

ক্ষিপ্রতার সঙ্গে গোলের জন্য উপযুক্ত জায়গায় উপস্থিত থাকা নিয়ে বেলিংহ্যামের ওপর মুগ্ধ ইংল্যান্ডের মিডফিল্ডার ইলিয়ট অ্যান্ডারসনও, ‘সে এটা কীভাবে করে? প্রতিবারই ঠিক জায়গায় উপস্থিত থাকে। এটা বিশাল এক দক্ষতা। সে অসাধারণ।’

এএইচএস