বিজ্ঞাপন

গোপনেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন জেসন হোল্ডার

গোপনেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন জেসন হোল্ডার

নীরবেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। অবসর নিয়ে নিজে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও বিষয়টি প্রকাশ্যে এনেছেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা এই অলরাউন্ডার টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যেতে চান।

‘দ্য স্কুপ এক্সটেন্ডেড’ নামক এক অনুষ্ঠানে হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। সেখানেই হোল্ডারের অবসরের বিষয়টি খোলাসা করেন তিনি।

স্যামি বলেন, ‘জেসন (হোল্ডার) ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তবে সে এখনও টেস্ট দলের পরিকল্পনায় আছে। যদিও সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। ফলে তাকে কখন পাওয়া যাবে এবং দলে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। তবে জেসন আমাকে স্পষ্ট করেই জানিয়েছে, সে টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চায়।’

২০২৩ সালের জুলাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জেসন হোল্ডার। সেই ম্যাচে হারের মধ্য দিয়েই ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর আর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামেননি তিনি। পরে গোপনেই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার।

২০২৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর আর লাল বলের ক্রিকেটেও দেখা যায়নি তাকে। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত খেলছেন এই ক্রিকেটার। তবে কোচ ড্যারেন সামি জানিয়েছেন, টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট দলেও থাকবেন এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্যারিয়ারে ১৩৮ ম্যাচে ১৫৯ উইকেট নিয়েছেন হোল্ডার। ব্যাট হাতে করেছেন ২২৩৭ রান, রয়েছে ১২টি অর্ধশতক। বোলিংয়ে দুইবার পাঁচ উইকেট শিকারের কীর্তিও আছে তার।

অধিনায়ক হিসেবেও ওয়েস্ট ইন্ডিজকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন হোল্ডার। তার নেতৃত্বে ক্যারিবীয়রা ৮৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে ছিল ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ। এই সময়ে দল জিতেছে ২৪টি ম্যাচ, হেরেছে ৫৪টিতে। দুটি ম্যাচ টাই হয়েছে, আর ছয়টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

আইএইচ