বিজ্ঞাপন

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড়

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড়

নারী ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হিদার নাইট। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। লর্ডসে ভারতের বিপক্ষে চলমান টেস্টই শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে খেলছেন তিনি। ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় নাইটের। 

নিজের বিদায়ী ম্যাচে এক ইনিংস ব্যাট করে ফেলেছেন নাইট। ২৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। ইংল্যান্ড অবশ্য এখনও দ্বিতীয় ইনিংসে ব্যাট করেনি।

বিদায়ের ঘোষণায় এই তারকা বলেন, 'ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে যে পথচলাটা আমার ছিল, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিদায় বলা সহজ নয়, কারণ গত ১৬ বছর ধরে ড্রেসিংরুম আর সেখানে থাকা মানুষগুলোই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই স্মৃতি, অভিজ্ঞতা আর মানুষগুলোই আমাকে আজকের আমি হয়ে উঠতে সাহায্য করেছে।'

তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ নেই জানিয়ে বলেন, 'তবে এই সিদ্ধান্ত নিয়ে আমি পুরোপুরি স্বস্তিতে আছি এবং সামনে যা আসছে, তা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার সতীর্থ, কোচ এবং সাপোর্ট স্টাফদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'

'বিশেষ করে মেডিকেল স্টাফদের আলাদা করে ধন্যবাদ দিতেই হবে। সত্যি বলতে, কীভাবে আমার শরীর ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ সামলে এসেছে, সেটা আমি নিজেও জানি না। আমাকে বারবার খেলায় ফেরাতে তাদের অসাধারণ পরিশ্রম আর যত্ন ছিল, আর সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারব না।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস