এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ইতোমধ্যে ১০০টি ম্যাচ শেষ। কোয়ার্টার ফাইনালের মহারণ শেষে টুর্নামেন্ট এখন অন্তিম লগ্নে। তবে মাঠের ফুটবল যেমন কোটি ভক্তকে কাঁদিয়েছে, তেমনি উপহার দিয়েছে অন্যতম সেরা কিছু রোমাঞ্চকর ম্যাচ।
আর্জেন্টিনা ৩-২ মিসর
শেষ ষোলোর এই ম্যাচে প্রথম ৭৫ মিনিট পর্যন্ত মিশরই ছিল সেরা দল। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর জোড়া গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাঝে লিওনেল মেসি একটি পেনাল্টিও মিস করেন। তবে এরপরই শুরু হয় আসল ‘মেসি শো’। ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে একটি গোল করানোর পর মেসি নিজেই বুলেট গতির শটে স্কোরলাইন ২-২ করেন। অবশেষে ৯২তম মিনিটে এনজো ফার্নান্দেজের চমৎকার হেডার গোল মিসরের স্বপ্ন ভেঙে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।
অস্ট্রিয়া ৩-৩ আলজেরিয়া
গ্রুপ ‘জে’ এর এই শেষ ম্যাচটি ছিল এককথায় শ্বাসরুদ্ধকর। দুই দলের জন্যই সমীকরণ ছিল ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত। ম্যাচের ৯৩ মিনিটে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজের দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া। যখন মনে হচ্ছিল অস্ট্রিয়া ছিটকে যাচ্ছে, ঠিক তখনই ম্যাচের ৯৬তম মিনিটে সাশা কালাচিস অস্ট্রিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন। এই ড্রয়ের ফলে দুই দলই আনন্দের সাথে মাঠ ছাড়ে, তবে তার আগে ফুটবলপ্রেমীদের উপহার দেয় এক অবিশ্বাস্য ৯০ মিনিট।
আর্জেন্টিনা ৩-২ কেপ ভার্দে
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের খুব কাছাকাছি চলে গিয়েছিল কেপ ভার্দে। ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা এই আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়। লিসান্দ্রো মার্টিনেজ অতিরিক্ত সময়ের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও ১০৩ মিনিটে সিডনি লোপেস কাবরালের এক চোখধাঁধানো দূরপাল্লার শট মিয়ামি স্টেডিয়াম তথা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়।
স্কোরলাইন যখন ২-২, তখন ১১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর একটি আক্রমণ কেপ ভার্দের ডিফেন্ডার ডিনেই বোর্জেসের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ৩-২ ব্যবধানের এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক জয় পায় আর্জেন্টিনা।
ইংল্যান্ড ৩-২ মেক্সিকো
মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের তীব্র প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০০ ফুট উঁচুতে খেলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোল এবং হ্যারি কেইনের পেনাল্টিতে ১০ জনের ইংল্যান্ড একপর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। মেক্সিকোর রাউল জিমেনেজ পেনাল্টি থেকে ব্যবধান ৩-২ করার পর শেষ ২০ মিনিট ইংলিশ ডিফেন্ডাররা বীরের মতো সব আক্রমণ প্রতিহত করে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া
টরন্টোর মাঠে দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিল বিশ্ব। ম্যাচের প্রথমার্ধে অভিজ্ঞ ইভান পেরিসিকের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলে বড় অঘটনের শঙ্কা জাগে। তবে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান সিআরসেভেন। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল। ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে বদলি নামা গনসালো রামোসের দুর্দান্ত হেডার এবং দীর্ঘ ভিএআর রিভিউতে ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল হলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এমএমএম/

