কানসাসে বিকেল ছয়টার পর রোদের তীব্রতা দুপুরের মতোই। গতকাল সুইজারল্যান্ডকে হারানো আর্জেন্টিনা আজই অনুশীলনে ফিরেছে।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আজ অনুশীলন করেননি। তাকে মাঠেও আনেননি কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া গতকালের একাদশের কেউই অনুশীলন মাঠে আসেননি। তাদের বিশ্রামে রেখেছেন কোচ।
সুইসদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লাউতারো মার্টিনেজ। তিনিসহ অন্যরা অবশ্য দিব্যি অনুশীলন করেছেন। ঘণ্টা খানেকের বেশি সময় ঘাম ঝরিয়েছে কানসাসের অনুশীলন মাঠে। যদিও মিডিয়া পনেরো মিনিটের বেশি সময় থাকতে পারেনি।
অনেক দিন অনুশীলনের আগে এক-দুই জন ফুটবলারকে মিডিয়ার সামনে হাজির করে আর্জেন্টিনা। আজ অবশ্য কাউকে পাঠায়নি। সেমিফাইনাল নিশ্চিত করার পরের দিন হালকা মেজাজে ছিল আর্জেন্টিনা। মেসিদের পেছনে ছোটা আর্জেন্টাইন সাংবাদিকদের সংখ্যাও ছিল কম।
আর্জেন্টিনার সেমিফাইনাল ১৫ জুলাই আটলান্টায়। আর্জেন্টিনার বেসক্যাম্প কানসাস। আগামীকাল কানসাসে ক্লোজড ডোর অনুশীলন করে আটলান্টা যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।
এজেড/এফএইচএম

