World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ফিফার রেফারি তালিকা থেকে বাদ পড়া ডাচ অফিশিয়াল রব ডিপেরিঙ্ক মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন। গত মে মাসে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ হারানোর কয়েক সপ্তাহের মাথায় এলো এই আকস্মিক মৃত্যুর খবর।

ডিপেরিঙ্কের এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। রবের চলে যাওয়ার মাধ্যমে রেফারি অ্যাসোসিয়েশন একজন অত্যন্ত মূল্যবান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন রেফারিকে হারাল, তবে সর্বোপরি আমরা হারালাম একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তার পরিবার ও বন্ধুদের সাথে রয়েছে।’

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের অন্যতম প্রধান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ড্যানি মাকিলির সহযোগী হয়ে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছিলেন ডিপেরিঙ্ক। কিন্তু গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হলে ফিফা তাকে বিশ্বকাপ প্যানেল থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পরবর্তীতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় মে মাসেই ব্রিটিশ পুলিশ এই মামলাটি পুরোপুরি খারিজ করে দেয় এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দেয়। মামলা থেকে খালাস পাওয়ার পর ডিপেরিঙ্ক বলেন, ‘মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। আমি পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফাকে শুরুতেই সবকিছু খোলাখুলি জানিয়েছিলাম। তদন্তের পর দুই সপ্তাহের মধ্যে মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু এত কিছুর পরও ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।’

ফিফা কঠোর অবস্থান নিলেও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই এই রেফারির পাশে দাঁড়িয়েছিল। ব্রিটিশ পুলিশ মামলা বন্ধ করার পর তারা ডিপেরিঙ্ককে নির্দোষ মনে করে এবং নেদারল্যান্ডসের ঘরোয়া লিগ এরেডিভিসিতে ম্যাচ পরিচালনার জন্য তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০১৭ সালে হল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে রেফারিং ক্যারিয়ার শুরু করা রব ডিপেরিঙ্ক ঘরোয়া লিগে মোট ৮৪টি ম্যাচ পরিচালনা করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার বেশ সুনাম ছিল, বিশেষ করে ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তিনি বেশ কয়েকটি বড় ম্যাচ সফলভাবে পরিচালনা করেন। ২০২৪ সালের ৩ মে ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এমএমএম/