World Cup Football Field

বিজ্ঞাপন

ইয়ামালের ‘ফ্রান্স ভয় পাবে’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা

ইয়ামালের ‘ফ্রান্স ভয় পাবে’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা

সর্বশেষ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তাদের সঙ্গে সেমিফাইনালে দেখা হয়েছিল ফ্রান্সের। যেখানে ইয়ামাল-অলমো’রা কিলিয়ান এমবাপের দলকে ২-১ গোলে হারায়। সেই স্মৃতি নিয়ে আজ (মঙ্গলবার) বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন। এ ম্যাচের আগে আলোচনায় লামিনে ইয়ামালের একটি হুঙ্কার, যা নিয়ে ফরাসি তারকা জুলস কুন্দেও মুখ খুললেন।

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সের নাম শোনার পর স্প্যানিশ তারকা ইয়ামাল প্রথমে বলেছিলেন, ‘যদি ফ্রান্সের কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমরাই। আমরা তাদের বিদায় দিয়েছিলাম (আগে)। তাদের আমরা দুইবার হারিয়েছি।’ যা নিয়ে বিতর্ক তৈরি হলে ইয়ামালকে গতকাল পুনরায় সেই মন্তব্য স্মরণ করিয়ে দেওয়া হলে সাংবাদিকদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি অবাক হইনি, কারণ আপনাদের চিনি।’

‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল– ফ্রান্স ম্যাচ নিয়ে আমি ভীত কি না এবং আমি বলেছিলাম– “না”। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটাই ফুটবল, যেমনটা কুন্দে বলেছে। পরিশেষে এটা ফুটবল’, আরও যোগ করেন ইয়ামাল। অবশ্য স্প্যানিশ তারকার আগেই বার্সেলোনায় তার সতীর্থ ও ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। তিনি ইয়ামালের মন্তব্যে অসম্মানের কিছু দেখেননি।

কুন্দে বলেন, ‘আমি কখনোই মনে করিনি এখানে সম্মানের ঘাটতি আছে। আমি লামিনে খুব ভালোভাবে চিনি। আমার কাছে এটি তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ মনে হয়েছে। আমি তাকে বার্সায় দেখেছি, খেলার আগে তারা দলগতভাবে এমনই আত্মবিশ্বাস ও মনোভাব দেখায়। এমন মন্তব্যে আমি তার অতিরিক্ত প্রেরণা খোঁজা ছাড়া বাড়তি কিছু মনে হয়নি।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স নম্বর ওয়ান এবং স্পেন তিন নম্বর দল। দুই দলের দেখায় সর্বশেষ ইউরোয় ইয়ামাল ও দানি অলমোর গোলে ২-১ ব্যবধানে জিতেছিল স্পেন। ইয়ামালকে আটকাতে নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে ফরাসি মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিওট বলছেন, ‘ইয়ামালের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। আমরা পুরো স্প্যানিশ দলের দিকে নজর রাখছি, নির্দিষ্ট কারও ওপর নয়। আমরা জানি তারা প্রতিটি বিভাগে ভয়ঙ্কর, সে (ইয়ামাল) ছাড়াও ফরোয়ার্ড লাইন, বল পজেশন, বক্সের কাছে ছোট জায়গাতেও পাসিংয়ে তারা দক্ষ।’

কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফ্রান্সের ফরোয়ার্ডরা দুর্দান্ত বিশ্বকাপ পার করছেন, ৬ ম্যাচে তাদের গোলসংখ্যা ১৬। যার আটটিই করেছেন ফরাসি অধিনায়ক। তবুও স্পেনের আক্রমণ কৌশল ও দক্ষতা নিয়ে সতর্ক ‍কুন্দে, ‘আমরা দুই দলই অনেক আক্রমণ করে থাকি। উভয়েই বল নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে। স্পেন ম্যাচজুড়ে পজেশন রেখে, চূড়ান্ত মুহূর্তে আঘাত করে থাকে। আমরাও একই। বল পায়ে আমরা স্বাচ্ছন্দ্যে থাকি, গভীর ডিফেন্স কিংবা আক্রমণেও আগ্রাসী। মনে রাখতে হবে আগামীকাল বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে রাখতে হবে। স্পেনের বিপক্ষে ৯০ মিনিট ধরে বলের দখল ছেড়ে দেওয়া যায় না।’

১৪ জুলাই ফ্রান্সের বাস্তিল দিবস। ২০১৬ সালের এই দিনে বাস্তিলে সন্ত্রাসী হামলায় ৮৬ মানুষ প্রাণ হারান। ফলে দিনটিকে উৎসবমুখর করায় নজর কুন্দের, ‘অবশ্যই ১৪ জুলাই আমাদের জাতীয় দিবস। যদিও নিসে সন্ত্রাসী হামলার কারণে গত কয়েক বছর ধরে এটি শোকের দিন হয়ে উঠেছে এবং আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা স্মরণ করব। আমরা সত্যিই ফরাসি জনগণকে গর্বিত করতে চাই। এই যাত্রার শুরু থেকেই এমনটাই হয়ে আসছে।’

এএইচএস