আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ছক কষতে ব্যস্ত, মিশরে তখনো চলছে হাহাকার। শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসিদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ঝড়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল মোহাম্মদ সালাহরা। ম্যাচজুড়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আর মাঠের উত্তাপ নিয়ে এবার মুখ খুলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।
ওই ম্যাচে আলোড়ন তোলা তার ‘এক্স’ সংকেত এবং লিওনেল মেসির সঙ্গে মাঠের বিবাদ নিয়েও খোলামেলা কথা বলেছেন মিশর কোচ।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের একটি মুহূর্ত ঘিরেই বিতর্কের শুরু। মিশরের মোস্তফা জিকোর একটি গোল বাতিল করে দেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। গোলটির উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, শুরুতে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করা হয়েছিল। রেফারির এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে মিশরের পুরো ডাগআউট। মাঠের বিশৃঙ্খলা এড়াতে ও খেলা দ্রুত শুরু করতে সেখানে ছুটে যান লিওনেল মেসি ও তার সতীর্থরা।

তীব্র বাদানুবাদ আর প্রতিবাদের মুখে মিশরের কোচ হোসাম হাসান ক্যামেরার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ক্রসিং বা ‘এক্স’ (X) চিহ্ন দেখান। রেফারি অবশ্য কড়া প্রতিবাদের দায়ে তাকে হলুদ কার্ড দেখান। কিন্তু ফুটবল বিশ্বে হাসানের এই ইশারা নিয়ে তোলপাড় শুরু হয়। অনেকেই ধরে নেন, বর্ণবাদ বা বৈষম্যের শিকার হয়ে খেলা থামানোর অফিসিয়াল প্রটোকল হিসেবেই হয়তো এই ইশারা করেছিলেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহ পর সেই অঙ্গভঙ্গি নিয়ে মুখ খুলেছেন মিশরীয় কোচ। হোসাম হাসান স্পষ্ট করে বলেন, আমার সেই ইশারা বর্ণবাদসংক্রান্ত কিছু ছিল না। আমি আসলে রেফারিকে বোঝাতে চেয়েছিলাম, ‘আপনি মোটেও নিরপেক্ষ নন, আপনি অবিচার করছেন।’
ম্যাচ চলাকালীন পেনাল্টি বক্সের কাছে লিওনেল মেসির সঙ্গে হওয়া কথা-কাটাকাটি নিয়েও মুখ খুলেছেন হাসান। আর্জেন্টিনার অধিনায়কের এক বিরল রূপ দেখেছিলেন উল্লেখ করে হাসান বলেন, ‘মেসি আমার দিকে এগিয়ে এসে বারবার বলতে থাকে, ‘কেন? কেন? কেন?’ আরও কীসব যেন বলছিল। মাঠে মেসিকে খুব কম সময়ই এভাবে তর্কে জড়াতে দেখা গেছে। ম্যাচ শেষে তো আবেগ ধরে রাখতে না পেরে ও কেঁদেই ফেলেছিল, কারণ মাঠের পরিস্থিতি সামাল দিতে ওদের সত্যিই ভীষণ বেগ পেতে হয়েছিল।’

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠের সেই উত্তাপ আর বাড়াতে চাননি বলে জানান হাসান, ‘মিশর আর্জেন্টিনার জন্য অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ ছিল এবং আমরা তাদের কোণঠাসা করে ফেলেছিলাম। মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান রেখে আমি তার কথার কোনো উত্তর দিইনি এবং কোনো ধরনের বাদানুবাদ এড়িয়ে চলেছি।’
হোসাম হাসান কিছুটা নরম সুরে কথা বললেও তার ভাই ও মিশরের সাবেক তারকা ইব্রাহিম হাসান কিন্তু আর্জেন্টিনার অধিনায়ককে ছেড়ে কথা বলেননি। মেসির আচরণের তীব্র সমালোচনা করে ইব্রাহিম বলেন, ‘ও বেশ ঠান্ডা মাথায় মাঠে এসেছিল। কিন্তু যখন দেখল রেফারি তাদের পক্ষে কাজ করছেন, তখন ও নিজেই পরিস্থিতি গরম করতে এবং আমাদের উসকানি দিতে তেড়ে এসেছিল।’
এফআই

