ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মূলত জিম্বাবুয়ের কন্ডিশনে খেলতে গিয়ে হতাশায় ভুগিয়েছেন ব্যাটাররা। বোলাররা দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে টেস্ট এবং ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজে জিততে অধিনায়ক তাওহীদ হৃদয়ের চাওয়া নির্দিষ্ট দিনে ভালো খেলে ফলাফল বের করে নেওয়া। প্রথম ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে টাইগার অধিনায়ক জানিয়েছেন নিজের ভাবনা।
হৃদয় বলেন, ‘সিরিজ জয়ের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই এখানে সবচেয়ে ভালো পথ হবে। আমাদের সামনে আগামীকাল যে ম্যাচটি রয়েছে, বর্তমানে আমি কেবল সেটি নিয়েই মনোযোগ দিতে চাই। এরপর নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো করতে পারি, তবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’
ভারপ্রাপ্ত হলেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয়ের কাছে গর্বের। সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন দিনশেষে ফলাফলই গুরুত্বপূর্ণ।
হৃদয় আরও বলেন, ‘আমার প্রথম লক্ষ্য থাকবে দলকে জেতানো। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব দলকে অবদান রাখার চেষ্টা করব। দলকে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের ও সম্মানের বিষয়। তবে একই সাথে দিনশেষে ম্যাচের ফলাফলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা এই সিরিজটি জিততে চাই।’
এসএইচ/আইএইচ
