আটলান্টার সকালটা বেশ মেঘলা। এক পশলা বৃষ্টিও হয়েছে। এর মধ্যেই অনুশীলন করেছেন মেসিরা। ফিফার নিয়ম অনুযায়ী অনুশীলনের প্রথম পনেরো মিনিট মিডিয়ার প্রবেশাধিকার থাকে। ওই সময় অবশ্য সামান্য স্ট্রেচিং ও বল পাসিংই হয়। ইংল্যান্ড বধের ট্যাকটিকস ও গেম প্ল্যানিং মিডিয়া চলে যাওয়ার পরই হয়েছে।
সেমিফাইনালের আগের দিন ফিফা তিন জন খেলোয়াড়কে মিডিয়ার সামনে আনার নির্দেশনা দিয়েছে দলগুলোকে। সেই অনুযায়ী আজ আটলান্টা ইউনাইটেড ক্লাবের অনুশীলন মাঠে আর্জেন্টিনা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল ও গনসালো মন্তিয়েলকে মিডিয়ার সামনে এনেছিল। তিন জনই অধিকাংশ প্রশ্নের জবাব স্প্যানিশ ভাষাতেই দিয়েছেন। দে পল ও মেসি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দে পল মিডিয়ার সামনে আসার আগে মেসির সঙ্গে আলাপ করেই হাঁটা দেন। দে পল, অ্যালিস্টাররা যখন মিডিয়ায় কথা বলছিলেন, তখন মেসি মাঠের এক পাশে চেয়ার নিয়ে বসেছিলেন। এর কিছুক্ষণ পর অবশ্য অনুশীলনের জন্য প্রস্তুত হতে ভেতরে যান।
আর্জেন্টিনার ম্যাচের আগের দিন সাংবাদিকদের এমনতিইে অনেক চাপ থাকে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই ঐতিহাসিক ফকল্যান্ড দ্বৈরথ। খেলা ছাপিয়ে রাজনীতি-কূটনীতি অনেক কিছুই মিশে যায়। তাই সকালেই মিডিয়ার সরব উপস্থিতি।
ফকল্যান্ড-ইতিহাস অনেক কিছু বাদ দিয়ে আর্জেন্টিনার ফুটবলার দে পল এটিকে শুধুই সেমিফাইনাল হিসেবে দেখতে চান। এজন্য আবেগ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন, ‘এ রকম ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ রাখতে হয়। যেন আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে।’

সুইজারল্যান্ড ম্যাচে প্রথম গোলদাতা ছিলেন অ্যালিস্টার। তিনি ঐতিহাসিক দ্বৈরথ নিয়ে বলেন, ‘ইতিহাস আমরা জানি। সেটা বদলানোর সুযোগ নেই। আমরা মাঠে নিজেদের সেরা খেলা খেলে জার্সির সর্বোচ্চ সম্মান রাখতে চাই।’ ডি পলের মতো তিনিও ম্যাচটিকে সহজভাবে নেওয়ার চেষ্টা করছেন, ‘আমরা চাপ অনুভব করছি না। এর আগে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছি। সেই অভিজ্ঞতা আমদের কাজে দেবে।’
আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে। মিশর, সুইজারল্যান্ডের কোচ ম্যাচ হারের পর কড়া সমালোচনাও করেছিলেন রেফারিং নিয়ে। তাই ফুটবলাঙ্গনে আলোচনা আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে। বাইরের এই সমালোচনা কানই দিতে চান না দে পল, ‘আমাদের সমস্ত মনোযোগ ও শক্তি কালকের ম্যাচ নিয়ে। বাইরের বিষয়গুলো নিয়ে আমরা কিছু জানি না।’
ইংল্যান্ড সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টেও ভালো পারফরম্যান্স করছে। বিশেষ করে তাদের ফরোয়ার্ড লাইন অত্যন্ত শক্তিশালী। তাই প্রতিপক্ষকে সমীহ করে বলেন, ‘দুই দলই শক্তিশালী। একটি ভালো ম্যাচ হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি তবে নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছি।’
এজেড/এফএইচএম

