একমাত্র টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া করে তাসকিন-হৃদয়রা এবার দৃশ্যপট বদলানোর অভিযানে নামবে। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও জিম্বাবুয়ের রেকর্ড ভালো। ফলে লড়াইটা তাই বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটাই এখন আলোচনার বিষয়। পেস ইউনিটে ৩ জনের থাকা নিশ্চিত– তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। লেগস্পিনার রিশাদ হোসেনের পাশাপাশি উইকেট ও পরিস্থিতি বিবেচনায় বাড়তি পেসার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে খেলালে নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসানকে বেঞ্চে বসতে হতে পারে।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসান প্রায় নিশ্চিত। তিনে পারভেজ হোসেন ইমন। চারে অধিনায়ক তাওহীদ হৃদয় এবং পাঁচে নুরুল হাসান সোহানকে খেলাতে পারে বাংলাদেশ। ছয়ে খেলানো হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এটি।
দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
এসএইচ/এএইচএস
