World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

বিশ্বকাপের ফাইনাল ঘিরে নিয়ম ভাঙার পথে হাঁটতে যাচ্ছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববারের মেগা ফাইনালে হাফ-টাইম স্থায়ী হতে পারে ৩০ মিনিট পর্যন্ত। 

সাধারণত দুই অর্ধের খেলার মাঝে ১৫ মিনিটের বিরতি দেওয়া হয়ে থাকে। তবে আসন্ন ফাইনালে দীর্ঘ বিরতির নেপথ্যে আছে জমকালো 'হাফ-টাইম শো'। যেখানে পারফর্ম করার কথা রয়েছে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস-এর মতো বিশ্বখ্যাত সব তারকার।

খেলা সম্প্রচারকারী সংস্থা বিবিসি ও আইটিভি ইতোমধ্যে এই ৩০ মিনিটের ব্রেক কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। ১১ মিনিটের একটি 'হাফ-টাইম শো' (সঙ্গীতানুষ্ঠান) এবং বাকি সময় ম্যাচ বিশ্লেষণ ও বিজ্ঞাপন প্রচার করা হবে বলে আভাস পাওয়া গেছে।

ফুটবলের নিয়ম অনুযায়ী, যে কোনো ফুটবল ম্যাচের মধ্যাহ্নবিরতি (হাফ টাইম) সর্বোচ্চ ১৫ মিনিটের বেশি হওয়া নিষিদ্ধ। এর আগে ২০২১ সালে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) বিরতির সময় ২৫ মিনিট করার প্রস্তাব দিলে আইএফএবি (ফুটবলের আইন প্রণেতা প্রতিষ্ঠান) তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। তাদের যুক্তি ছিল, দীর্ঘ সময় খেলোয়াড়রা নিষ্ক্রিয় থাকলে পেশির ইনজুরির ঝুঁকি চরমভাবে বেড়ে যায়।

কিন্তু ফিফা সেই নিয়মের তোয়াক্কা না করেই গত বছরের ক্লাব বিশ্বকাপে ২৫ মিনিটের বিরতি দিয়েছিল। এমনকি ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে মিয়ামিতে শাকিরার কনসার্টের জন্য দীর্ঘ বিরতি দেওয়া হয়েছিল, যা নিয়ে কলম্বিয়ার কোচও পরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার বিশ্বকাপের ফাইনালে সেই রেকর্ডও ভাঙতে যাচ্ছে।

সমালোচকদের মতে, টুর্নামেন্টের প্রতি অর্ধে যে ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) দেওয়া হচ্ছে, এটি আদতে ফিফার বিজ্ঞাপন প্রচারের ‘অজুহাত’ মাত্র। অনেক সময় বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়ার মধ্যেও এই বিরতি দেওয়া হয়েছে। হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচের মোমেন্টাম নষ্ট হয়ে যাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

সব মিলিয়ে অতিরিক্ত সময় ও পেনাল্টি শুটআউট ছাড়াই ম্যাচ শেষ হতে ৩ ঘণ্টার কাছাকাছি লেগে যেতে পারে। যেখানে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ শুরু হলে, বিরতি আর ইনজুরি টাইম যোগ করে খেলা শেষ হতে রাত সোয়া ১০টা বেজে যাবে। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে তা রাত ১১টা পার হয়ে যাবে।

এদিকে, বিশ্বকাপের ফাইনাল ঘিরে মেগা প্রস্তুতি চলছে নিউ জার্সিতে। কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে এই হাফ-টাইম শোতে ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয় ও গুস্তাভো দুদামেল পারফর্ম করবেন। এর বাইরে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে সমাপনী অনুষ্ঠানে থাকবেন রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার এবং হলিউড সুপারস্টার টম ক্রুজ। এমনকি প্রচারণায় যুক্ত করা হচ্ছে ‘দ্য মাপেটস’ ও ‘সেসামি স্ট্রিট’-এর মতো জনপ্রিয় কার্টুন চরিত্রদেরও।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো একে ‘ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফুটবল ম্যাচ’ বলে আখ্যা দিয়ে ফুটবল ও সঙ্গীতের মেলবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তবে অনেকে ফিফার বাণিজ্যিকরণের সমালোচনাও করছেন। 

এফআই