বিজ্ঞাপন

কেইনদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক

কেইনদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার মহাগুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আগে ইংলিশ ফুটবলারদের জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন কিংবদন্তি ব্রিটিশ গোলরক্ষক পিটার শিলটন। টমাস টুখেলের শিষ্যদের প্রতি তার আহ্বান- বাইরের সব বিতর্ক এড়িয়ে যেন তারা খেলায় মনোযোগ দেয়।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরির শিকার হয়েছিলেন এই শিলটন। সেই ম্যাচের তিক্ত স্মৃতি আজ ৪০ বছর পরেও ভুলতে পারেননি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫টি ম্যাচ খেলা এই গোলরক্ষক।

চলতি বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ড যখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ৭৬ বছর বয়সী এই সাবেক তারকা।

তিনি বলেন, ‘ইংল্যান্ড, এবার বাইরের সব শোরগোল এড়িয়ে চলার সময় এসেছে। এখন পুরোপুরি মনোযোগ দেওয়ার পালা। তোমরা আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারো। আমরা এটার যোগ্য।’

তিনি মূলত ম্যাচের আগে তৈরি হওয়া বৈরি ও উত্তপ্ত আবহাওয়াকে শোরগোল হিসেবে আখ্যা দিয়েছেন। ফকল্যান্ডস যুদ্ধের ক্ষত এখনও দগদগে থাকায় দুই দেশের লড়াই ফুটবল ছাপিয়ে প্রায়ই রাজনৈতিক রূপ নেয়। তবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে খেলোয়াড়দের মাঠের বাইরের আলোচনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শিলটন। তিনি মনে করিয়ে দেন, মাঠ এবং খেলাধুলার মঞ্চ সবসময় বিশ্বকে ঐক্যবদ্ধ করে। তাই এই সুন্দর খেলায় যুদ্ধ বা রাজনীতি টেনে আনা একদমই অনুচিত।

এমএমএম/