জিম্বাবুয়ের ক্রিকেট যেন আবারও মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে টেস্ট র্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে। ওয়ানডেতে ১১তম এবং টি-টোয়েন্টিতে ১২তম। একের পর এক দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলেছে দলটি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে রোডেশীয়রা।
প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৭০ রান। এরপর বাংলাদেশকে অলআউট করে ১৩৮ রানে। ম্যাচ শেষে দলের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘এটা ১৫০-১৫৫ রানের উইকেট। তাই জয় নিয়ে আশাবাদী ছিলাম। দুই-একটি ভুল আমরা করেছি, তবে বোলিং ইউনিট দারুণ ছিল। কিছু ভুল তো হবেই। তিন বিভাগেই ভালো খেলেছি। হেড কোচ বলছিল, আজ আমাদের পারফরম্যান্সকে দশে আট দেব।’
দলের পেস ইউনিটের প্রশংসা করে তিনি বলেন, ‘উইকেট দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বান্ধব ছিল। আগামীতে এটা মাথায় রেখে খেলতে নামব। আমাদের পেসাররা বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। আমি খুবই খুশি। জয়ের চেয়েও বড় কথা হলো, আমরা যেভাবে খেলছি…।’
জয়ের চেয়েও তাকে বেশি উচ্ছ্বসিত করেছে দলের উন্নতি। রাজা থাকতে চান শীর্ষ পাঁচে, ‘টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে অলআউট করা মানে আপনার দল সঠিক পথে আছে। বিশ্বকাপে আমরা সম্ভবত শীর্ষ সাতে থেকে শেষ করেছিলাম। তবে আমরা বিশ্বের শীর্ষ ৪-৫টি দলের একটি হতে চাই। আমাদের লক্ষ্য অনুযায়ী উন্নতি হচ্ছে, এতেই আমি খুশি।’
এসএইচ/এমএমএম
