জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। এদিন স্বাগতিকদের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৮ রানেই থেমেছে টাইগাররা। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
হৃদয় বলেন, 'আমরা সকালের এডভান্টেজ নিতে চেয়েছিলাম, তাই আগে ফিল্ডিং নিয়েছি। বোলাররা ভালোই করেছিল। তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। হারারের তুলনায় এখানে কন্ডিশন ভালো। উইকেট ব্যাটিং বান্ধব। আমরা ভালো শেইপেও ছিলাম। চাচ্ছিলাম উইকেটের এডভান্টেজ নিই।'
ব্যাটিং বান্ধব উইকেটে এমন ব্যাটিং মেনে নেওয়া একটু কঠিনই। হৃদয় বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। ১৭০-১৮০ রান তাড়া করতে হলে আপনার পার্টনারশিপ লাগবে দুই-একটা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। পরেরবার সুযোগ এলে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দিব।'
বল হাতে এদিন নাহিদ রানা ৪ উইকেট তুলেছেন। শেষ পর্যন্ত জিততে না পারলেও রানার প্রশংসা করেছেন অধিনায়ক, 'নাহিদ রানা দারুণ করেছে। আমরা সবাই জানি ও কেমন বোলার। তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। গত কয়েক সিরিজ ধরে দুর্দান্ত খেলছে। আশা করি এটা ধরে রাখবে।'
এসএইচ/এইচজেএস
