World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টাইনদের কাছে বাংলাদেশ ‘সেকেন্ড হোম’

আর্জেন্টাইনদের কাছে বাংলাদেশ ‘সেকেন্ড হোম’

লাউতারো মার্টিনেজের হেড জালে স্পর্শের সঙ্গে সঙ্গে আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। কাতারের পর আমেরিকা বিশ্বকাপেও ফাইনালে মেসির আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দই আলাদা।

আর্জেন্টিনার সমর্থকরা বরাবরই আমুদে। ফাইনালে ওঠার আনন্দ করলেন গ্যালারিতে অনেক সময় ধরে। মেসি-মার্টিনেজরা ঘুরে ঘুরে আর্জেন্টাইন সমর্থকদের সামনে গিয়ে হাত উঁচিয়ে ধন্যবাদ জানিয়েছেন। আবার কখনো সমর্থকদের গানে নিজেরাও দুলেছেন। 

আধ ঘণ্টার বেশি সময়ের পর আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়াম ছাড়লেন। গ্যালারি থেকে নামার সময়ও মেসি, ম্যারাডোনকে নিয়ে গান করছিলেন। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন অনেক। ফাইনালে ওঠায় আর্জেন্টাইন এক সমর্থক বাংলাদেশকে নিজেদের ‘সেকেন্ড হোম’ বললেন, ‘আমার বাংলাদেশে অনেক বন্ধু পরিচিত। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক। ফুটবলের ভালোবাসার জন্য আর্জেন্টিনার পর বাংলাদেশ আমাদের সেকেন্ড হোম।’

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনের জন্য কাতার বিশ্বকাপ থেকেই আলোচনায়। আর্জেন্টিনার ফুটবলার ও কোচ এই বিশ্বকাপেও বাংলাদেশের সমর্থন নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ সেমিফাইনাল জিতে ফাইনাল যাওয়ার পর আর্জেন্টিনার অনেক সমর্থক বাংলাদেশি সাংবাদিক পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের সমর্থন করার জন্য বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। ১৯ জুলাই আরেকটি শিরোপা এক সঙ্গে উদযাপন করব।’

মিশর ম্যাচের পর আজও আর্জেন্টিনা ম্যাচে পিছিয়ে ছিল। এরপর সাত মিনিটের ঝড়ে দুই গোল করে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারায়। এমন জয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থক, ‘আমরা দলের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম। ম্যাচে পিছিয়ে পড়ার পরও অনেক আক্রমণ হয়েছে। গোল পাব এমন বিশ্বাস ছিল। মেসি অন্য ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত খেলেছে।’

আটলান্টা স্টেডিয়াম ভেতরে ছাদ দিয়ে ঢাকা। তাই গরমের তাপ লাগে না। স্টেডিয়াম থেকে বের হওয়ার পরই তীব্র গরম। সেই গরমের মধ্যে এক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে মেসির ছবি দিয়ে মুখ ঢেকে চলছেন। তিনি বলেন, ‘মেসি সেরা ফুটবলার। ইংল্যান্ডকে হারানোর আনন্দই আলাদা। আমরা এবারও বিশ্বকাপ জিততে চাই।’

১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জেতে। ওই আসরেই তারা একবার আর্জেন্টিনাকে হারিয়েছিল। সেই ম্যাচ নিয়েও অনেক আলোচনা ছিল। আজ ইংল্যান্ডকে হারিয়ে চার আসরে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ে ইংল্যান্ডের বিপক্ষে তাদের হেড টু হেড সমান। এটাও প্রাপ্তি দেখছেন সমর্থকরা, ‘ইংল্যান্ড আমাদের তিন বার হারিয়েছিল। আমরাও এখন তাদের সমান তিন বার জিতেছি।’

ইংল্যান্ডের সমর্থকরা গোলের পর উল্লাসে মেতেছিলেন। কয়েকজন স্লোগান দিয়ে বলছিলেন, ‘ইংল্যান্ড-ফকল্যান্ডস’। ৮৪ মিনিট পর্যন্ত তাদের এই আনন্দ ছিল। মাচ হারের পর বিষন্ন মন নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন ইংল্যান্ড সমর্থকরা।

এজেড/এফএইচএম