World Cup Football Field

বিজ্ঞাপন

খেলা শেষে আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি

খেলা শেষে আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি

নাটকীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে অতীত ইতিহাস ও যুদ্ধের আবেগ কাজ করছিল উভয়পক্ষের মাঝে। এমনকি দর্শকদের মাঝে উত্তেজনা নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল। তবে আটালান্টা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। খেলা শেষে ভেন্যুর বাইরে সংঘর্ষে জড়ান দু’পক্ষের সমর্থকরা।

২-১ ব্যবধানে ইংল্যান্ডের বিদায়ের পর মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের কাছে অবস্থিত ‘হাডসন গ্রিল’-এর বাইরে বিশৃঙ্খলা দেখা দেয়। ওই জায়গাটি ব্রিটিশ সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়। যার পাশ দিয়ে আর্জেন্টাইন সমর্থকরা যাওয়ার পথে তারা প্রতিক্রিয়া দেখায়। হাতাহাতিতে রক্তাক্ত হন উভয়পক্ষের একাধিক সমর্থক। এমনকি কয়েকজন আটালান্টা পুলিশের হাতে আটক হয়েছিলেন, পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

dhakapost

সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং উত্তেজনা প্রশমিত করতে প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান নেয়। ছবিতে দেখা যায়, কয়েকজন ইংল্যান্ড সমর্থককে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় দেখা যায় আরও কয়েকজনকে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘ছোটখাটো একটা ধস্তাধস্তি হয়েছিল এবং বেশ কয়েকজন ইংল্যান্ড সমর্থককে সরিয়ে নেওয়া হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশৃঙ্খলার অবসান ঘটে।’ অবশ্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে আয়োজিত এই বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের আলাদা করে না বসানো সত্ত্বেও ফুটবল-কেন্দ্রিক সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে কমই ঘটেছে।

বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড সমর্থকদের আচরণে ব্রিটিশ পুলিশ সন্তোষ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, সাতটি ম্যাচ মিলিয়ে ২০ জনের বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়নি। তবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেয় এবং সামাজিক মাধ্যমে ধস্তাধস্তির ভিডিও ছড়িয়ে পড়ে। ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের পতাকা দেখিয়ে আর্জেন্টাইনদের উত্যক্ত করছেন– এমন এক ইংল্যান্ড সমর্থকের ভিডিও-ও সামনে আসে।

সেমিফাইনালের আগে ফকল্যান্ডস (আর্জেন্টাইন স্থানীয় ভাষায় মালভিনাস) নিয়ে উত্তেজনা প্রকাশ্যে চলে আসে। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রাও একটি ব্যানার নিয়ে উদযাপন করেন, যাতে লেখা ছিল ‘মালভিনাস আর্জেন্টিনার’। এদিকে, ইংল্যান্ডের পরাজয়ের পর লন্ডনের রিজেন্ট স্ট্রিটে এক আর্জেন্টাইন সমর্থককে জনরোষ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ দ্রুত উপস্থিত হয়ে তাকে ভিড়ের মধ্য থেকে নিরাপদে ভ্যানে করে সরিয়ে নিয়ে যায়। 

এএইচএস