লিওনেল মেসি ছিলেন বার্সেলোনায়, তার বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের গোলবার সামলানোর দায়িত্বে ইকার ক্যাসিয়াস। সেই দ্বৈরথ এখন অতীত। ছয় বছর আগে ক্যাসিয়াস পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন। তবে প্রতিদ্বন্দ্বী মেসি এবার তারই দেশ স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নামার অপেক্ষায়। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে না উঠতেই তাকে খোঁচা দিয়ে বসেছেন এই স্প্যানিশ কিংবদন্তি গোলরক্ষক।
ক্যাসিয়াস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা– অবিশ্বাস্য একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে তোমরা (আর্জেন্টিনা) চতুর্থ তারকাটা পাচ্ছ না। আমরা দ্বিতীয়টি (তারকা) পেতে যাচ্ছি।’ এর আগে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে লিওনেল স্কালোনির দল।
— Eurosport.es (@Eurosport_ES) July 15, 2026
আটালান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ৭ মিনিটের ঝড়ে তাদের এলোমেলো করে দেয় মেসি-এনজো-লাউতারোরা। ২-১ গোলে জিতে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। এরপর সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় প্রথমে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের কৌশলের তীব্র সমালোচনা করেন ক্যাসিয়াস। তিনি অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের রক্ষণাত্মক মানসিকতার দিকে আঙুল তোলেন।
ইংল্যান্ডের কৌশলকেই হারের দায় দিয়ে ক্যাসিয়াস লিখেছেন, ‘গোল করার পরই তারা গুটিয়ে গেল। এটি ভীতু কৌশল। নিজেদের বক্স ছেড়ে বেরই হলো না, ফলে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণের সুযোগ পেল। ফলাফলও তাই হয়েছে। ইংল্যান্ড নিজেদের কৌশলের কারণেই ম্যাচটি হেরেছে। তারা ৩০ মিনিট ধরে আর্জেন্টিনাকেই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করতে দিয়েছে। এটা হতে পারে না।’
এর আগে ২০১০ বিশ্বকাপজয়ী গোলরক্ষক ক্যাসিয়াস স্পেনের উত্তরসূরীদের খেলা দেখতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন। যেখানে ইয়ামাল-রদ্রিরা কিলিয়ান এমবাপের আক্রমণাত্মক দলকে নিয়ন্ত্রিত কৌশল ও পজেশন নির্ভর খেলায় আটকে রাখে ম্যাচজুড়ে। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে আসরের প্রথম ফাইনালিস্ট স্পেন, এরপর ইংল্যান্ডকে হারিয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে মহারণী ম্যাচে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার দিবাগত রাত ১টায় তারা স্পেনের মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এটি হবে আর্জেন্টিনার সপ্তম বিশ্বকাপ ফাইনাল। মেসি ও কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি এবার নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা (চতুর্থ তারকা) জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর দ্বিতীয়বার বিশ্বসেরা হওয়ার লক্ষ্য স্পেনের।
এএইচএস

