বিজ্ঞাপন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, ম্যাচ হেরে সালাউদ্দিন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, ম্যাচ হেরে সালাউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। টাইগারদের এমন পরাজয়ের পেছনে দায়ী ব্যাটাররা। পরিস্থিতি বুঝে কৌশল বদলাতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়েছে। তবে ব্যাটাররা একই ভুল করে শিক্ষা না নেওয়ায় ম্যাচ হেরেছে বলে মত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।

ম্যাচ শেষে টাইগার কোচ বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি। তবে আমাদের ব্যাটারদের নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে আরও কৌশলী হতে হবে। তাহলেই আমরা ভালো করতে পারব। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি। এর মানে, আমরা ভুল করেও শিক্ষা নিচ্ছি না। পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে।’

জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি। ‘আমরা ২০-২৫ দিন এখানে আছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। যদি এখনও বলা হয় আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ নয়। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে অভ্যস্ত হতে হবে’—যোগ করেন সালাউদ্দিন।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে জিম্বাবুয়ের দুই পেসারের কথাও উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারিনি। পুরো সফরজুড়েই ওরা পার্থক্য গড়ে দিয়েছে। ওদের কীভাবে সামলানো যায়, সে বিষয়ে আমাদের আরও ভালো পরিকল্পনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ের এই দুই বোলারের উচ্চতা অনেক বেশি। তাই যেকোনো উইকেট থেকেই তারা অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তার জায়গা হওয়া উচিত, কীভাবে এই দুজনকে সামলানো যায়। কারণ, প্রথম ম্যাচে ওরাই ৮টি উইকেট নিয়েছে।’

এসএইচ/আইএইচ