বিশ্বকাপ ফাইনালে ওঠার পর সমালোচকদের একহাত নিলেন লিওনেল মেসি। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও ফিফাকে ঘিরে ওঠা নানা অভিযোগের জবাবে আর্জেন্টিনা অধিনায়ক দাবি করেছেন, গত চার বছর ধরে তারাই বিশ্বের সেরা দল এবং টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা তারই প্রমাণ।
বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ উঠেছে, ফিফা নাকি আগেই মেসির হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে, আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে, এমনকি ভিএআরের সিদ্ধান্তও তাদের পক্ষে যাচ্ছে বলে দাবি করেছেন অনেকে। তবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর এসব সমালোচনার জবাব দিয়েছেন মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'এই কথাগুলো খুব কষ্ট দেয়। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। সেটা কারও পছন্দ হোক বা না হোক। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। এই দল নিজেদের সামর্থ্য দিয়েই এখানে এসেছে।'
চলতি বিশ্বকাপে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির মতে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলে সমালোচকদের কণ্ঠ আরও জোরালো হতো। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সেই সুযোগ দেননি তারা।
মেসি বলেন, 'যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না। তবে কিছু বলার আগে সবার একটু চিন্তা করা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।'
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, 'আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।'
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যে তাদের সামনে শেষ বাধা স্পেন।
এইচজেএস

