বিজ্ঞাপন

দেশমের শেষ ম্যাচ ও এমবাপ্পের রেকর্ড গড়ার হাতছানি

দেশমের শেষ ম্যাচ ও এমবাপ্পের রেকর্ড গড়ার হাতছানি

বিশ্বকাপের সেমিফাইনালে হারের বেদনা ভুলে আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। আপাতদৃষ্টিতে এই ম্যাচটিকে ফুটবলারদের কাছে কিছুটা গুরুত্বহীন মনে হলেও ফরাসি শিবিরে ম্যাচটি ঘিরে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করছে। একদিকে এটি ফরাসি কোচ দিদিয়ের দেশমের ১৪ বছরের গৌরবময় অধ্যায়ের শেষ ম্যাচ। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের সামনে রয়েছে ফুটবল ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ।

মঙ্গলবারের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বার ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয় ফ্রান্সের। এর ঠিক পরদিনই আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় থমাস টুখেলের ইংল্যান্ডও। শিরোপা স্বপ্ন ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত দুই দলই শনিবার মায়ামির মাঠে মুখোমুখি হবে।

৫৭ বছর বয়সী দিদিয়ের দেশমের ১৪ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের পর্দা নামছে এই ম্যাচের মধ্য দিয়ে। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জেতে। ২০২২ সালের ফাইনালে ওঠে ফরাসিরা। এছাড়া টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।

বিদায়বেলায় আরেকটি বিশ্বকাপ ট্রফি হাতে না পাওয়ার আক্ষেপ থাকলেও গত এক দশকে ফ্রান্সকে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে দাঁড় করানো এই গুরুকে জয় দিয়ে বিদায় জানাতে মুখিয়ে আছেন ফরাসি ফুটবলাররা।

দলের জন্য বড় কোনো চাপ না থাকলেও ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য এই ম্যাচটি ইতিহাসের পাতায় নাম লেখানোর বড় সুযোগ। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৮টি গোল করেছেন এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা এখন ২০।

শনিবারের ম্যাচে মাঠে নামলে তার সামনে যেমন চলতি আসরের গোল্ডেন বুট জেতার সুযোগ থাকবে, তেমনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ারও সুযোগ পাবেন তিনি।

এমএমএম/

বিজ্ঞাপন