বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না থাকার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নিউইয়র্কের কাছেই হওয়ায় বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে।
রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগের দিন ফুটবলের উত্তেজনাকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বায়ুদূষণের বিষয়টি। নিউইয়র্ক এবং এর আশপাশের বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, সুস্থ মানুষও এর প্রভাব অনুভব করতে পারেন।’
পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি দৌড়াতে বের হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেটি আগামীকালের জন্য রেখে দিন।’
এদিকে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর।’ এ কারণে বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মানের অবনতি ঘটেছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে এমন পরিস্থিতি আয়োজকদেরও বাড়তি সতর্কতায় রেখেছে।
উল্লেখ্য, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বের অন্যতম বৃহৎ এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২ হাজার ৫০০। বিশ্বকাপের ফাইনাল এই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় লোকবলের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়ে যেতে পারে। তবে এর মাঝেই শঙ্কা জাগাচ্ছে নিউইয়র্কের বায়ুদূষণ, যা দর্শকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
আইএইচ

