বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। শীর্ষ দুই র্যাঙ্কিংধারীর মধ্যে তুমুল লড়াইয়ের আশা করা হচ্ছে। তবে মাঠের বাইরে চলছে তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী। কে জিতবে? ব্রাজিলের একটি জাগুয়ার তার রায় দিয়ে ফেলেছে।
ব্রাজিলিয়ান জাগুয়ার পটি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। তার মতে, স্পেনকে হারাবে আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোর বায়ো পার্কে দুই দেশের পতাকা লাগানো একটি বক্স শুকে আর্জেন্টিনার বক্সকে বাছাই করেছে। মানে এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে ব্রাজিলের বায়োপার্ক।
এর আগে চলতি আসরে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসে ব্রাজিলিয়ান হাঙর রিতিনিয়া। এছাড়া মেক্সিকোও হাতি, গরিলা ও জেব্রাদের দিয়ে কয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল।
এফএইচএম

