World Cup Football Field

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ফাইনালে কি থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী?

ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ফাইনালে কি থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী?

প্রতিরক্ষা খাতে ব্যয় এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা চলমান। এর মাঝেই আগামী রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রি সানচেজ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাক্ষাৎ করতে যাচ্ছেন।

শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সানচেজ খেলাটি দেখার জন্য নিউজার্সিতে থাকবেন। সেখানে ট্রাম্প আর্জেন্টিনার ও স্পেনের মধ্যে বিজয়ী হওয়া দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন।

প্রতিরক্ষা খাতে জিডিপির ৫% ব্যয় করার জন্য ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে স্পেনের অস্বীকৃতির কারণে ট্রাম্প বারবার দেশটির সমালোচনা করেছেন। বাণিজ্য ক্ষেত্রে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কয়েকবার।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুতে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে।  ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দেন যেন ‘ভ্রমণসহ স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।’ অবশ্য পরবর্তী সময়ে মার্কিন নেতা তার সুর কিছুটা নরম করেছেন। 

চলতি বছরের শুরুর দিকে ইরানের ওপর মার্কিন হামলার সময় স্পেনের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারে বাধা দিয়ে সানচেজ ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়েছিলেন। তবে সে সময় তিনি বলেছিলেন যে, স্পেন তার মিত্রদের সাথে সর্বোত্তম সম্ভাব্য সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি আরও জানান, আঙ্কারা সম্মেলনে দুই নেতার মধ্যে একটি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। মূলত বিশ্বকাপ ফুটবলসহ সাধারণ কিছু বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল সেটি।

স্পেনের এই নেতা তার দায়িত্ব পালনকালে মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন। বেশিরভাগই ছিল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য। এছাড়া ২০২৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য তিনি ওয়াশিংটন সফর করেছিলেন।

রাজা ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও ইনফান্তা সোফিয়াসহ স্পেনের রাজপরিবারও এই ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এফএইচএম