স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করতে যাওয়ার আগে আলোচনায় ৪৬ বছর বয়সী এই স্লোভেনীয় রেফারি। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন এবং তাকে তার দেশের সেরা রেফারি হিসেবে বিবেচনা করা হয়।
২০২৩ সালের নেশনস লিগে স্পেন বনাম ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ সালের রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ।
আসন্ন আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটি হবে বিশ্বকাপে তার পরিচালিত ষষ্ঠ ম্যাচ। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হার এবং ওয়েলস-ইংল্যান্ড ম্যাচ তিনি পরিচালনা করেছিলেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। মোট ১৫টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন তিনি।
২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিয়েলজিনা শহরের একটি কেবিন থেকে বেশ কয়েকজন নারী-পুরুষের সাথে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে পতিতাবৃত্তি, মাদক এবং অস্ত্র পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। অভিযান চলাকালীন পুলিশ সেখান থেকে ৯ জন নারী, ২৬ জন পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, ৩টি বুলেটপ্রুফ ভেস্ট এবং ১০,০০০ ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করে।
রেফারি হিসেবে ভিনচিচের তখন সুসময় চলছিল। খ্যাতি থেকে কুখ্যাত হতে চলেছেন, বুঝতে পেরে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে জানান যে, তিনি শুধুমাত্র একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। আর এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পরবর্তীতে স্লোভেনীয় ফুটবল ফেডারেশনও বিষয়টিকে একটি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তার পাশে দাঁড়ায়।
এই রোববারে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে তার সাথে থাকছেন তারই স্বদেশি স্লোভেনিয়ান টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ সহকারী কোচ এবং জর্ডানের আদম মাখাদমেহ চতুর্থ ও মোহাম্মদ আলকালাফ রিজার্ভ সহকারী রেফারি।
এফএইচএম

