লিওনেল মেসি যখন প্রতিপক্ষ দলে, তখন ভাবনায় পড়া স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্টে দারুণ ফর্মে আর্জেন্টিনা অধিনায়ক। গত দুই ম্যাচে তাকে গোল করা থেকে বিরত রাখতে পারলেও গোল বানিয়ে দিয়েছেন তিনি। তাই তার দিকে কড়া নজর থাকবে স্পেনের। ফাইনাল ম্যাচে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে ভাবনার কথা জানালেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলে কোচিং করানোর দিনগুলো স্মরণ করে মেসি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন স্পেন কোচ, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে আমি অনেক ভালো কিছু শুনেছিলাম। তাকে শুরু থেকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০তম মিনিট পর্যন্ত স্কোর শূন্য ছিল। যখন তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখল, তারপর সে ১৫ মিনিটে চার গোল করেছিল। এর মানে কী? তাকে কি আমরা মার্ক করব? না। কিন্তু আমরা কি তাকে কড়া নজরে রাখতে যাচ্ছি? হ্যাঁ।’
এই ম্যাচের আগে মেসির সঙ্গে স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামালকে তুলনা করা হচ্ছে। কিন্তু দে লা ফুয়েন্তে অন্য এক কিংবদন্তির ভারে তাকে জর্জরিত করতে চান না।
স্পেন কোচ বললেন, ‘মেসি অদ্বিতীয়। সে এক বিশাল প্রতিভা। সর্বোপরি, সে তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত। কিন্তু লামিনেকে লামিনে থাকতে হবে। আমি মনে করি আমরা তাকে সমর্থন দিয়ে সাহায্য করতে পারি, আমরা তাকে যেমন লামিনে হিসেবে চিনেছি, তাকে সেভাবেই থাকতে দিয়ে সাহায্য করতে পারি।’
এফএইচএম

