কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া গ্রাস করেছে নিউইয়র্ক সিটিতে। বর্তমান পরিস্থিতি এতটাই মারাত্মক যে, সেখানে পুরো দিন শ্বাস নেওয়া ও ১০টা সিগারেট ধুমপান করা একই কথা। এমনটাই বলেছেন মার্কিন এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির সাবেক কর্মী ও দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি।
নিউইয়র্ক পোস্ট-এর সঙ্গে সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে সতর্কবার্তা দিলেন পেট্রনি। জনস্বাস্থ্য বিষয়ক সুপারিশ দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি।
বাইরে পুরো একটা দিন কাটানোর কথা উল্লেখ করে পেট্রনি বলেছেন, ‘এটা বলা যুক্তিসঙ্গত যে নিউইয়র্ক সিটিতে আজ বাতাসে শ্বাস নেওয়া মানে আপনি ১০টি সিগারেটের সমপরিমান ধুমপান করলেন।’
বিশেষজ্ঞের মতে, বায়ুর গুণমান সূচক (একিউআই) বিবেচনা করে এই হিসাব করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ‘সাধারণ নিয়ম হলো, সারাদিনে একিউআই-এর প্রায় ২০ পয়েন্ট একটি সিগারেটের সমতুল্য। কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় রক্তপ্রবাহে প্রবেশ করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সময়ের সাথে সাথে এটি জমা হতে থাকে এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।’
তার মতে, বিশ্বকাপের ফাইনালে হাফটাইম, সম্ভাব্য এক্সট্রা টাইম ও অনুষ্ঠান মিলিয়ে তিন ঘণ্টার মতো বাইরে থাকলে আড়াইটি সিগারেটের মতো ধুমপান করা হয়ে যাবে।
অঞ্চলটিতে বায়ুর মান সূচক আছে ১৫১ থেকে ২০০-র মধ্যে। এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যক্ষেণ করছে বিশ্বকাপের আয়োজকরা। হোয়াইট হাউজ বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, এখন পর্যন্ত ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করার অবস্থানে তারা রয়েছে।
এফএইচএম

