World Cup Football Field

বিজ্ঞাপন

ফাইনাল খেলতে নামলেই গোল করেন ওইয়ারজাবাল

ফাইনাল খেলতে নামলেই গোল করেন ওইয়ারজাবাল

যখনই ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে, তখনই স্প্যানিশ ফুটবল দল ভরসা খুঁজে পায় মিকেল ওইয়ারজাবালের ওপর। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন যারা ওয়ারজাবালের মতো এমন অবিশ্বাস্য গোলস্কোরিং রেকর্ডের দাবিদার হতে পারেন। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই স্প্যানিশ তারকা।

সাম্প্রতিক বছরগুলোতে রিয়াল সোসিয়েদাদের এই স্ট্রাইকার নিজেকে স্পেনের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যদিও স্পেনের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়ার ৫৯ গোলের রেকর্ড থেকে তিনি এখনও পিছিয়ে আছেন। তবে এক মৌসুমে স্পেনের হয়ে সর্বোচ্চ ১৪টি গোল করার নতুন রেকর্ড ইতেমধ্যে নিজের করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। এবার নিউ ইয়র্ক নিউ জার্সির ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে নিজের এই গোলসংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ থাকছে তার সামনে।

ওয়ারজাবালের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো- ম্যাচের সবচেয়ে কঠিন ও চাপযুক্ত মুহূর্তে তার অবিশ্বাস্য শান্ত মানসিকতা এবং দৃঢ় সংকল্প। একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারে এ পর্যন্ত যে কয়টি ফাইনাল ম্যাচ তিনি খেলেছেন, তার প্রত্যেকটিতেই জালের দেখা পেয়েছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, পেলে, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, জোহান ক্রুইফ বা গার্ড মুলারদের মতো সর্বকালের সেরা ফুটবলাররাও ফাইনালে খেলার এমন শতভাগ গোলের রেকর্ড স্পর্শ করতে পারেননি।

পেশাদার ফুটবলে তিনি এ পর্যন্ত মোট ৬টি ফাইনাল খেলেছেন। রিয়াল সোসিয়েদাদের হয়ে দুটি কোপা দেল রে ফাইনালে খেলে দুটিতেই পেনাল্টি থেকে গোল করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে স্পেনের হয়ে দুটি উয়েফা নেশনস লিগ ফাইনাল, একটি উয়েফা ইউরো ফাইনাল এবং একটি অলিম্পিক ফাইনালে অংশ নিয়ে প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। এমনকি গত মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও ১২ গজ দূর থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত পেনাল্টি শটে ফরাসি গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করেন তিনি।

রবিবারের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ওইয়ারজাবাল আরেকটি ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। ফাইনালে আর একটি গোল করতে পারলেই তিনি হবেন একক বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বোচ্চ ৬টি গোল করা প্রথম খেলোয়াড়। ফ্রান্সের বিপক্ষে করা গোলের মাধ্যমে তিনি ইতোমধ্যে ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগুয়েনো এবং ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়ার করা ৫ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।

এমএমএম/