সরকার পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের কমিটি পরিবর্তন খুব সাধারণ ঘটনা। অন্তবর্তীকালীন সরকারের সময় গঠিত হওয়া ২৬ ক্রীড়া ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বদল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিসিবির কমিটি পুনর্গঠন হয়। এরপরই আলোচনা ছিল অন্য ফেডারেশনের কমিটি পরিবর্তন নিয়ে।
কাল-পরশু কমিটি হচ্ছে করে করে অবশেষে বিশ্বকাপ ফাইনালের এক দিন আগে ২৭ ক্রীড়া সংগঠনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটিগুলোকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।
উপমহাদেশের দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে দাবা ফেডারেশনের সেক্রেটারি করা হয়েছে। গ্র্যান্ডমাস্টারদের মধ্যে তিনিই একমাত্র সক্রিয় দাবাড়ু। ফেডারেশনের সেক্রেটারি হওয়ায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা খেলা সম্ভব হবে না তার। যা দাবার সংকট খানিকটা বাড়িয়ে তুলতে পারে।
আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। এবার তাকে সভাপতি করা হয়েছে। তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ারও সভাপতি। আরচ্যারি ফেডারেশনের বিগত কমিটির সভাপতি সেক্রেটারি নতুন কমিটিতে নেই। এই কমিটির সেক্রেটারি হয়েছেন সাবেক আরচ্যার তানভীর আহমেদ।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ক্রিকেটার ও সংগঠক ইসতিয়াক সাদেককে। তার বাবা সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক। দীর্ঘদিন তায়কোয়ান্দো ফেডারেশনে থাকা মাহমুদুল ইসলাম রানাকে অন্তবর্তীকালীন সরকার সরিয়েছিল। তায়কোয়ান্দো ফেডারেশনের সদ্য বিদায়ী কমিটি রানার ব্যাপারে অনেক অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদে দিয়েছিল। এরপরও জাতীয় ক্রীড়া পরিষদ রানাকে সাধারণ সম্পাদক করেছে।
অন্য ফেডারেশনগুলোর মধ্যে কাবাডির সাধারণ সম্পাদক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। শুটিংয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। সাবেক শুটার শারমিন আক্তার রত্না মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছেন।ভারোত্তোলনে সাবেক ভারোত্তোলক এস এম কাজল, ব্যাডমিন্টনে সাবেক জাতীয় খেলোয়াড় হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাবেক টিটি খেলোয়াড় সাইদুল হক সাদী,সাইক্লিংয়ে সাবেক সাইক্লিস্ট পারভেজ হাসান, নয়না চৌধুরী জুডোর সাধারণ সম্পাদক হয়েছেন।
ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসনের জন্য বিশ সদস্যের একটি বিশেষ কমিটি করেছে মন্ত্রণালয়। সেই কমিটির সদস্য আলী ইমাম তপন অ্যাথলেটিক্স, নিয়াজ মোর্শেদ দাবা, সজলকে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে। যাদের ক্রীড়াঙ্গনে সমস্যা নিরসনে সুপারিশ করার কথা তাদেরকেই জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশনের বিভিন্ন দায়িত্বে দিয়েছে।
ঘোষিত ২৭টি ফেডারেশনের মধ্যে অলিম্পিক ডিসিপ্লিনই মূলত- আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, রাগবি, রোইং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি, হ্যান্ডবল ও মহিলা ক্রীড়া সংস্থা।
অন্তবর্তীকালীন সরকারের দেয়া কমিটির কয়েকজনকে আবার বহালও রাখা হয়েছে স্বপদে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি-সেক্রেটারি, জিমন্যাস্টিক্স, বক্সিং ও উশু ফেডারেশনের অন্য পদে পরিবর্তন হলেও সাধারণ সম্পাদক অপরিবর্তিত রয়েছে।
এজেড/এমএমএম
