দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ওই দিন চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ টুর্নামেন্টে অংশ নেবে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের টুর্নামেন্টকেন্দ্রিক বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। পরবর্তীতে গঠিত দলগুলোকে অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভালো খেলোয়াড় খুঁজে বের করতে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উদ্যোগে ‘আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে।
একইসাথে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আরএইচটি/এসএইচএ
