বিজ্ঞাপন

‘আমাদের হাসি তাদের বিরক্ত করে’ কেন বললেন ডি পল?

‘আমাদের হাসি তাদের বিরক্ত করে’ কেন বললেন ডি পল?

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। সেই হতাশার মধ্যেই সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পুরো বিশ্বকাপজুড়ে অনেকেই আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় ছিলেন বলে দাবি করছেন তিনি। এছাড়া ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে বলে দাবি তার।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডি পল বলেন, ‘আজ দেখছি কত মানুষ আমাদের এই হার দেখার অপেক্ষায় ছিল। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের চলার ধরনই তাদের সহ্য হয় না। কিন্তু এসব আরও প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুর চেয়ে বড়।’

ডি পলের এই মন্তব্যকে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি অংশ এবং বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক ফুটবলারদের সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা রেফারিংয়ে বাড়তি সুবিধা পেয়েছে, এমন অভিযোগ তুলেছিলেন অনেকে। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার ও সমর্থকদের উদযাপনের ধরন নিয়েও সমালোচনা হয়।

তবে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কষ্ট হলো ট্রফিটি আবার আর্জেন্টিনায় নিয়ে যেতে না পারা। তবে ট্রফির চেয়েও সমর্থকদের সঙ্গে এই দলের আত্মিক সম্পর্কই কঠিন সময়ে শক্তি জোগাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত যে আমি একজন আর্জেন্টাইন।’

আইএইচ