বিজ্ঞাপন

শিরোপা হারিয়ে দেশে ফিরলেন আর্জেন্টিনা অধিনায়ক

শিরোপা হারিয়ে দেশে ফিরলেন আর্জেন্টিনা অধিনায়ক

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি দেশে ফিরেছেন। বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইমে স্পেনের কাছে ১-০ গোলে হারের কষ্ট নিয়ে ফ্লোরিডা থেকে রোসারিওতে ফিরে এসেছেন দলের সুপারস্টার। ২০২২ সালে পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব হারিয়ে বুক ভরা কষ্ট নিয়ে জন্মভূমিতে ফিরলেন তিনি।

নিজ শহরে পরিবারের সঙ্গে কিছুদিন বিশ্রাম নেবেন মেসি। তারপর এমএলএস খেলতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন তিনি। স্পেনের কাছে হেরে বেশ কয়েকজন ফুটবলার ভিন্ন ভিন্ন গন্তব্যে উড়াল দিয়েছেন। সোমবার বিকেলে ১৬ খেলোয়াড়ের প্রতিনিধি দল দেশে পা রাখে। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো দর্শক-সমর্থক।

দলের অধিনায়ক পরের দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন। রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। কবে মায়ামিতে যোগ দেবেন, তা এখনো অজানা। ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎও অনিশ্চিত। বয়স বিবেচনায় তিনি ইতোমধ্যে হয়তো শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।

হারের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ক্যাপশনে লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব... মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।’

‘আর পুরো একটি দেশের ভালোবাসাও সঙ্গে থাকবে যা এই দলের পরিশ্রম ও চেষ্টার সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি তা মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি পর পর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।’

এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়েছেন। কীভাবে পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে—সেই স্মৃতিগুলোকেই হৃদয়ে ধারণ করতে চান তিনি।

ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তায় মেসি আরও লেখেন, ‘আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই মিলে একই অনুভূতির অংশ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছি।’

এফএইচএম