আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্ব জয়ের আনন্দের মাঝেও আক্ষেপ কাজ করছে দলটির কিশোর তারকা পাউ কুবার্সির মনে। ফাইনালে লিওনেল মেসিকে হারতে দেখে কষ্ট লেগেছে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের।
১৯ বছর বয়সী সেন্টার ব্যাক বার্সেলোনায় জ্বলজ্বলে তারকা হয়ে ওঠার পথে। শৈশবে এই ক্লাবের জার্সিতে মেসিকে খেলতে দেখে শিহরিত হয়েছেন। কখনো তার সঙ্গে খেলা হয়নি। তবে মুখোমুখি হতে হলো। আইডল মেসির বিপক্ষে খেলাটা কিছুটা অস্বস্তিকর ছিল কুবার্সির জন্য।
মেসির মুখোমুখি হতে কেমন লেগেছে? এল পার্তিদাজো দে কোপ-এর সঙ্গে সাক্ষাৎকারের শুরুতেই কুবার্সি বললেন, ‘তার সঙ্গে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। যখন লকার রুমে তার সঙ্গে দেখা হলো, আমার মনে হচ্ছিল, এটা কি সত্যিই? তারপর খেলায় ফিরলাম, জয়ের চেষ্টায় মনোযোগ দিলাম।’
তিনি আরও বললেন, ‘আমি বলতে পারি, তার সঙ্গে মাঠ ভাগাভাগি করা চমৎকার সৌভাগ্য। আমার খারাপও লাগছিল কারণ সে আমার আইডল এবং তাকে হারতে দেখলে আমার ভালো লাগে না। কিন্তু যদি আমি জিতি, তাহলে অনেক আনন্দিত হই।’
এফএইচএম
