বিজ্ঞাপন

তবে কি নতুন ব্যাটিং কোচের খোঁজে বিসিবি, পাকিস্তানের তারকাকে নিয়ে গুঞ্জন

তবে কি নতুন ব্যাটিং কোচের খোঁজে বিসিবি, পাকিস্তানের তারকাকে নিয়ে গুঞ্জন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। দুই ইনিংসের কোনোটিতেই দুইশো রানের গেরোও পার করতে পারেনি টাইগার ব্যাটাররা। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হারের কবলে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। 

সেখানেও বাজে ব্যাটিং করেন সাইফ হাসান-সৌম্য সরকাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১১৬ রান তুলতে পেরেছিল বাংলাদেশ দল। সেদিন কে কত বাজে ব্যাটিং করতে পারে সেটার প্রতিযোগিতা চলছিল যেন। এরপর সিরিজের বাকি দুই ম্যাচেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি ব্যাটাররা। 

টি-টোয়েন্টি সিরিজেও ছিল একই ধারাবাহিকতা। একদিন রান করেন তো পরের দুইদিন আবারও অধারাবাহিকতার ছাপ। অবশ্য বেশ দীর্ঘ সময় ধরেই ব্যাটিংয়ে বাজে সময় পার করছে দল। যে কারণে প্রশ্ন উঠছে ব্যাটিং কোচকে নিয়েও। আগামী অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে থাকবেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এইচপির সঙ্গে তিনি থাকবেন দক্ষিণ আফ্রিকাতে।

যে কারণে মোহাম্মদ আশরাফুলকে সামলাতে হবে পুরো ব্যাটিংয়ের দায়িত্ব। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যাটিং কোচের খোঁজ রাখছে বিসিবি, আলোচনাও হচ্ছে টুকটাক। পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফের নাম শোনা যাচ্ছে। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিনি জানালেন, এখনো কোনো প্রস্তাব পাননি কোচিং করানোর জন্য। তবে ইউসুফ কাজ করতে আগ্রহী বলে তার কথাতে ধারণা করা হচ্ছে। 

তবে বিসিবির একজন পরিচালক জানালেন, 'খুব এগ্রেসিভভাবে যে ব্যাটিং কোচ খোঁজা হচ্ছে এমন না বিষয়টা।' অস্ট্রেলিয়া সিরিজ শেষেই হয়তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কেননা এখনো যদি কিন্তুর ওপর রয়েছে বিষয়টি।

এসএইচ/এফআই