ফুটবল বিশ্বের ট্রান্সফার বাজার যেন প্রতি বছরই নতুন উচ্চতা ছুঁয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চুক্তিতে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিচ্ছেন মরগান রজার্স। ১১৭ মিলিয়ন পাউন্ডের এই চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে দুই ক্লাব।
শুধু ট্রান্সফার ফি হিসেবেই পুরো ১১৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে চেলসি। ফলে রজার্স এখন যৌথভাবে ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার এবং ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত হচ্ছেন।
চলতি গ্রীষ্মেই আরেকটি বড় অঙ্কের চুক্তি দেখেছে ফুটবল বিশ্ব। নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন এলিয়ট অ্যান্ডারসন। তবে সেই রেকর্ড স্থায়ী হলো খুব অল্প সময়। মাত্র এক মিলিয়ন পাউন্ড বেশি খরচ করে রজার্সকে দলে ভিড়িয়ে নতুন ইতিহাস গড়ল চেলসি।
তবে এসব চুক্তিও এখনো অনেক দূরে রয়েছে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি থেকে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খরচ করেছিল অবিশ্বাস্য ২০০ মিলিয়ন পাউন্ড। প্রায় এক দশক পেরিয়ে গেলেও সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।
রজার্সের এই ট্রান্সফার আরও একবার প্রমাণ করল, ইউরোপীয় ফুটবলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের মূল্য দিন দিন বাড়ছে। বিশেষ করে ইংলিশ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে প্রস্তুত।
এইচজেএস
