বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল দিন কয়েক আগেই। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী।যে কারণে তাকে শুনানির জন্য তলবও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধেও উঠেছে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে চীনে গিয়েছিলেন তিনি। যে কারণে তাকেও ডেকেছিল বিসিবি। মৌখিক জবাবের পর দিয়েছেন লিখিত জবাবও। তবুও পার পাচ্ছেন না মেহেদী-লিটন কেউই। দুজনকেই পড়তে হচ্ছে আর্থিক জরিমানার কবলে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই কর্মকর্তা বলেন, 'শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের দু’জনকে জরিমানা গুণতে হতে পারে। সেই অঙ্কটা কত হতে পারে সেটা এখনো নিশ্চিত নয়।' জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।
সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’
এসএইচ/এফআই
