বিজ্ঞাপন

নিয়ম ভেঙে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তির অভিযোগ মেসির দলের বিপক্ষে

নিয়ম ভেঙে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তির অভিযোগ মেসির দলের বিপক্ষে

ইন্টার মায়ামিতে কাসেমিরোর যোগ দেওয়া ঘিরে বিতর্ক থামছেই না। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দলে টানার প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে ক্লাবটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনার ঘোষণা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, 'সকল প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা হবে।' 

ইএসপিএনের একটি সূত্র নিশ্চিত করেছে, কাসেমিরোর সঙ্গে ‘ডিসকভারি প্রায়োরিটি’ অর্জন না করেই যোগাযোগ করার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এলএ গ্যালাক্সি। যদিও পরবর্তীতে কাসেমিরোকে নিয়ে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে সমঝোতা হয়েছে, তবুও তদন্ত চালিয়ে যাবে এমএলএস।

বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, 'কাসেমিরোকে চুক্তিবদ্ধ করার জন্য যদিও ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি ডিসকভারি প্রায়োরিটির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে, টেম্পারিং তদন্ত শেষ হওয়ার পর এর শর্তাবলি প্রকাশ করা হবে।'

মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব যেকোনো সময়ে তাদের ‘ডিসকভারি তালিকায়’ সর্বোচ্চ পাঁচজন ফুটবলারের নাম রাখতে পারে। কোনো খেলোয়াড় এই তালিকায় থাকলে, সেই ক্লাবই সবার আগে তার সঙ্গে আলোচনা শুরু করার একচেটিয়া অধিকার পায়। কাসেমিরোর ওপর আগে থেকেই এলএ গ্যালাক্সির ডিসকভারি অগ্রাধিকার থাকায়, তাকে দলে নিতে হলে সেই অধিকার কিনে নিতে হবে ইন্টার মায়ামিকে।

লিগের নিয়ম অনুযায়ী, যদি কোনো ক্লাব অন্য ক্লাবের ডিসকভারি তালিকায় থাকা কোনো ফুটবলারকে চুক্তিবদ্ধ করতে চায়, তবে আগ্রহী ক্লাবটি ওই ফুটবলারকে চুক্তিবদ্ধ করার অধিকারের বিনিময়ে ‘জেনারেল অ্যালোকেশন মানি’ হিসেবে ৫০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিতে পারে।

এরপর যে ক্লাবের ডিসকভারি অগ্রাধিকার রয়েছে, তারা পাঁচ দিন (সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডো চলাকালে তিন দিন) সময় পায় দুটি পথের একটি বেছে নিতে—‘জেনারেল অ্যালোকেশন মানি’ গ্রহণ করে অধিকার ছেড়ে দেওয়া অথবা ফুটবলারকে প্রকৃত ও বস্তুনিষ্ঠভাবে যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া।

গ্যালাক্সির সঙ্গে সমঝোতার পর কাসেমিরোকে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে দলে ভেড়ায় ইন্টার মায়ামি। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোরও একটি বিকল্প রাখা হয়েছে।

রিয়াল মাদ্রিদে ৯ বছর এবং ম্যানচেস্টার ইউনাইটেডে ৪ বছর কাটানো এই মিডফিল্ডার নিজেও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, 'এই পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে এটি আমার ব্যক্তিগত বিষয় হওয়ায়, খুব পরিষ্কারভাবে বলতে চাই। কিছুদিন আগে গ্যালাক্সির সঙ্গেও কথা বলেছিলাম। তাদের কাছে এটা খুব স্পষ্ট করে দিয়েছিলাম যে, আমি মায়ামিতে যোগ দিতে চাই। কারণ এই শহরকে আমি ভালোবাসি। যখনই আমাদের ছুটি থাকে, আমি, আমার স্ত্রী এবং সন্তানরা সবসময় এখানেই থাকি। আমরা শহরটিকে চিনি।'

এইচজেএস