বিশ্বকাপে টানা শিরোপার জয়ের মিশনে নেমে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে। শিরোপা হাতছাড়া হওয়ায় এবার তাদের জার্সিতেও পরিবর্তন আসতে যাচ্ছে।
আর্জেন্টিনার অফিসিয়াল জার্সির বুকের অংশে আর দেখা যাবে না সেই বহুল কাঙ্ক্ষিত ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
শিরোপা রক্ষার প্রতীক হিসেবে লিওনেল মেসিদের কিট বা জার্সিতে যে এম্বলেম বা প্রতীকটি এতদিন শোভা পাচ্ছিল, গত ১৯ জুলাই রোববারের ফাইনালের পর থেকে সেটি এখন স্পেনের দখলে চলে গেছে। লামিনে ইয়ামালদের জাতীয় দলের জার্সিতে ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ থাকবে।

বিশ্বকাপ ব্যাজ হারানোর ফলে এখন থেকে আর্জেন্টাইন জার্সিতে কেবল সর্বশেষ ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ প্যাচটিই থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই পর্দা নেমেছে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসব করেছে স্পেন।
টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তারা ন্যূনতম লড়াইও করতে পারেনি। ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি লিওনেল মেসির দল, অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা ছিল না অন-টার্গেটে। এরই মাঝে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির বলা কিছু কথা ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে নানান ‘ষড়যন্ত্র তত্ত্ব‘ ডালপালা মেলেছে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন এসব উড়িয়ে দিয়েছে।
এফআই
